শৌচাগার না থাকায় ভোগান্তিতে হাটুরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৌচাগার না থাকায় রংপুরের তারাগঞ্জ উপজেলার হাট-বাজারগুলোতে ক্রেতা-ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো কোনো হাটে গণশৌচাগার নির্মাণ করা হলেও তা ভেঙেচুরে ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। সরেজমিন উপজেলা সদর চান্দেরপুকুর হাটে গেলে ভাঙা গণশৌচাগারটি দেখিয়ে বাজারের পান দোকানি আসাদু্জ্জামান বলেন, ‘এই ল্যাট্রিন কোনা ঠিক কইরবার জন্য আট নওবার চেয়্যারমেনের গোরত গেছি। অনুরোধ বিনোরোধ করছি। কিন্তুক ঠিক করি দ্যায় নাই।’ওই হাটের চায়ের দোকানি আকমাল হোসেন বলেন, ‘এক-দেড়শ দোকানি ছাড়াও শত শত মানুষ বাজার করতে এই হাট কোনাত আইসে।’ একই অবস্থা ডাঙ্গিরহাটে নির্মিত গণশৌচাগারটির। বাজারের চায়ের দোকানি লাল মিয়া বলেন, ‘ভাইজান ল্যাট্রিন কোনা নষ্ট হয়া হামরা বিপদে আছি। দুর্গন্ধে দোকানদারি কইরবার পারছি না।’ রাসায়ানিক সার ব্যবসায়ী মফিজার রহমান জানান, ‘জায়গার অভাবে বাধ্য হয়াই হামরা জেঠে সেটে যাই। ল্যাট্রিন কোনা কেউ ঠিক কর্যা দেয় না।’নেকিরহাটের গণশৌচাগারটির অবস্থা আরও নাজুক। অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা এটির দরজায় তালা লাগিয়ে রেখেছে। এ বাজারের পান দোকানি ছাদেকুল বলেন, ‘রাইত হইলে সোবায় দোকানের পিছোনত লাইনধরি পায়খানা করে। চেয়ারম্যান মেম্বরেরাও ল্যাট্রিন কোনা ঠিক করি দ্যায় না।’ এদিকে তারাগঞ্জ সদর বাজারের পর সবচেয়ে বড় বাজার ও হাট হচ্ছে ইকরচালি। প্রতি হাটেই হাজার হাজার লোক উপস্থিত থাকলেও এখানে কোন শৌচাগার নির্মাণ করা হয়নি। এ কারণে হাটে আসা দোকানদার ও লোকজন প্রাকৃতিক কাজ সারেন হাটের দোকানের পাশে খোলা জায়গায়। এ কারণে হাটের পরিবেশ দূষিত হচ্ছে। একই ধরনের সমস্যা বিরাজ করছে বিরাবাড়ী হাট, বালাবাড়ীর হাট ও আসামগঞ্জের হাটে।ইকরচালি বাজারের কাঁচামাল ব্যবসায়ী আনছার আলী বলেন, ‘৯-১০ বছর ধরি হামার এই বাজারকোনার কোনো উন্নতি হয় নাই।’ ওই বাজারের চাল ব্যবসায়ী আতিয়ার রহমান বলেন, ‘সরকার খালি হামারঠে ইজারাদার নিয়োগ করি টাকা পাইসা নেয়। কিন্তু বাজারের কোনো উন্নতি করে না।’ ইকরচালি ইউনিয়নের চেয়ারম্যান আমেনা খাতুন মিষ্টি ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, শৌচাগার নির্মাণ করার মতো বরাদ্দ এখন ইউনিয়ন পরিষদে নেই। বরাদ্দ পেলে সব হাটেই শৌচাগার নির্মাণ করে দেওয়া হবে।তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী বলেন, ২-৪ মাসের মধ্যেই হাটবাজারের ভেঙে পড়া ল্যাট্রিনগুলো সংস্কার ও নতুন ল্যাট্রিন নির্মাণ করা হবে।