শ্বশুরকে পিটিয়ে হত্যা করলেন জামাতা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে জামাতা পিটিয়ে হত্যা করেছেন তাঁর শ্বশুরকে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জামাতা শাহ আলমকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গতকাল রাতে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মোহাম্মদ আলীর (৭০) সঙ্গে তাঁর জামাতা শাহ আলমের জমি বিক্রি নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম শ্বশুরকে পিটিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে জেলা সদর ও পরে ঢাকায় হাসপাতালে স্থানান্তরের সময় পথে মারা যান তিনি। আজ সকালে আশুগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ঘটনার সত্যতা স্বীকার করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, আজ সকালে মোহাম্মদ আলীর বড় ভাই শরীয়তউল্লাহ বাদী হয়ে শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।