শ্বশুরবাড়ি নাকি বাবার বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে আগে দাম্পত্যজীবনে একধরনের টানাপোড়েন তৈরি হয়। ঈদ কোথায় হবে? মায়ের বাড়ি নাকি শ্বশুরবাড়ি? যে দম্পতি একক পরিবারে ঢাকায় থাকে, স্বামী-স্ত্রীর মা-বাবা দুই জায়গায় থাকেন ঢাকার বাইরে, তাঁদের টানাপোড়েন সবচেয়ে বেশি। কেউ কেউ দাম্পত্যের শুরুতেই সমঝোতা করে নেন। এক ঈদ শ্বশুরবাড়িতে, আরেক বাবার বাড়িতে। যদিও সিদ্ধান্তের রদবদলের আশায় শেষ পর্যন্ত পরস্পরকে বোঝানোর ও প্রভাবিত করার চেষ্টা অব্যাহত থাকে। ঢাকায় যাঁদের মা-বাবার বাড়ি, তাঁদের স্বামী বা স্ত্রীদের বক্তব্য, ‘সারা বছর তো তুমি মা-বাবাকে কাছেই পেলে। অন্তত ঈদের দিনে আমার মা-বাবার কাছে যাই।’ যদিও মেয়েরা চাইলেও অনেক সময় ঈদ করতে পারেন না তাঁর মা-বাবার বাড়িতে। নতুন দম্পতি থেকে শুরু করে দীর্ঘ সময় একসঙ্গে সংসার করা দম্পতির মধ্যেও এই টানাপোড়েন চলে। ছদ্মনামে কয়েকজন বলেছেন নিজের অভিজ্ঞতা। ‘আমাদের বিবাহিত জীবন প্রায় ১৮ বছরের। বিয়ের শুরুতেই শর্ত ছিল এক ঈদ স্বামীর বাড়িতে করব, আরেক ঈদ বাবার বাড়িতে। আমার স্বামী বিষয়টি মেনেও ছিলেন।’ বলেন উপমা। ‘এখনো মনে পড়ে, মা-ভাইবোন ছাড়া প্রথম ঈদের কথা। এত দিনের চেনা পরিবেশ থেকে ভিন্ন একটি পরিবেশে যাওয়া। তাদের পছন্দ-অপছন্দের সঙ্গে মিলিয়ে চলা। খুব কষ্ট হয়েছিল। একই অবস্থা দেখা গেল আমার স্বামীর বেলায়ও। যেবার আমার বাবার বাড়িতে সে প্রথম ঈদ করল, সারা দিন মুখ গোমরা করে বসে থাকল। এমনকি ঈদের নামাজ পর্যন্ত পড়তে গেল না। সেবারও খারাপ লেগেছিল। ধীরে ধীরে মানিয়ে নিয়েছি দুজনেই। এখন দেখা যায়, আমরা দুটি ঈদই স্বামীর বাড়িতে গিয়ে করছি। আরেকটি বিষয় হলো, যদি শ্বশুরবাড়ির লোকজন আন্তরিক হয়, তাহলে মনে হয় মেয়েদের মানিয়ে নিতে সহজ হয়। তবে দুজন দুই জায়গায় ঈদ করার পক্ষপাতী নই। আর সন্তান থাকলে তো কথাই নেই।’শ্বশুরবাড়ি নাকি বাবার বাড়ি, ঈদ কোথায় করবেন—এই দ্বন্দ্ব এড়াতে রিনা নিজেদের ফ্ল্যাটেই থাকেন। বছর তিনেক হলো বিয়ে হয়েছে তাঁদের। শ্বশুরবাড়ি-বাবার বাড়ি—দুটোই ঢাকায় হওয়ায় পরদিন দুই বাড়ি থেকে বেড়িয়ে আসেন। রিনা বলেন, ‘শুরুতে অনেক ঝগড়া, মান-অভিমান হয়েছে। পরে আমরা মতৈক্যে এসেছি, কোনো ঈদই কারও বাড়িতে হবে না। আমরা নিজেদের বাসায় ঈদের দিন পার করব। তাহলে কোনো ঝামেলা হবে না।’শ্বশুরবাড়িতে কোরবানির ঈদ করা নিয়ে আপত্তি নেই লিসার। তবে স্বামী যদি কখনো বুঝতেন, তাহলে হয়তো জীবনে একবার মায়ের বাড়িতে রোজার ঈদ করার সুযোগ থাকত। লিসা বলেন, ‘আমার স্বামী তাঁর পরিবারের একমাত্র সন্তান। সে কারণে ১১ বছরের দাম্পত্যজীবনে একটি রোজার ঈদও বাবার বাড়িতে করতে পারিনি। যদিও সারা বছরই মা, ভাইবোনের সঙ্গে দেখা হয়, কথা হয়। তবু তো ঈদের দিনটা কাটাতে ইচ্ছে করে। জানি, কখনোই হয়তো হবে না। এসব এখন মেনে নিয়েছি। রোজার মাস এলে মনটা একটু বিদ্রোহী হয়ে ওঠে। আমার স্বামী নানাভাবে বোঝাতে চেষ্টা করে। কী করলে আমি খুশি হব—সেই কাজগুলো করে। এভাবে শেষ পর্যন্ত ম্যানেজ করে ফেলে আমাকে। বরাবরের মতো ঈদ করতে চলে যাই শ্বশুরবাড়ি।’বিশেষজ্ঞের মতামতঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলরুবা আফরোজ বলেন, এটি পারস্পরিক বোঝাপড়ার বিষয়। এখানে দুজনকেই ছাড় দিতে হবে। দাম্পত্যজীবনের শুরুতে যদি আলোচনা করে নেন, তাহলে সমস্যা অনেকটা কমে যাবে। দ্বন্দ্ব এড়ানোর জন্য স্বামী-স্ত্রী আলাদা আলাদা ঈদ না করে একসঙ্গে থাকাই ভালো। পারিপার্শ্বিক দিক বিবেচনা করে কখনো কখনো দুজনের কথাই বিবেচনা করা উচিত। পুরুষতান্ত্রিক সমাজে নারীর কথা গুরুত্ব পায় না। তাই নারীরা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকলে পারিবারিক ক্ষেত্রেও তাঁর মতামত গুরুত্ব পাবে।