শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন চাভেজ
কিউবায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের ক্যানসারের অস্ত্রোপচার শেষে এখন তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। এ জন্য তাঁকে কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। চিকিত্সকদের বরাত দিয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।হুগো চাভেজের স্বাস্থ্যগত বিষয়ে দেশটির তথ্যমন্ত্রী আরনেস্তো ভিলেগাস গতকাল মঙ্গলবার টেলিভিশনে সরকারের পক্ষ থেকে এক বিবৃতি দেন। এ সময় তিনি বলেন, গত সোমবার চাভেজের শ্বাসতন্ত্রে সংক্রমণ ধরা পড়ে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।মন্ত্রী বলেন, এটি নিয়ন্ত্রণে রয়েছে। চিকিত্সকদের মতে, কোনো রোগীর জটিল অস্ত্রোপচার হলে তাঁর মধ্যে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। ভিলেগাস বলেন, চিকিত্সক দল জানিয়েছে, প্রেসিডেন্ট চাভেজকে আগামী দিনগুলোতে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। আর বর্তমান স্থিতিশীল অবস্থা ধরে রাখতে হলে তাঁকে চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। বিবৃতিতে চাভেজের দীর্ঘায়ু কামনা করা হয়। কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চতুর্থ দফায় চাভেজের শরীর থেকে ক্যানসারের কোষবাহী টিস্যু অপসারণে অস্ত্রোপচার করা হয়েছে। ছয় ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর শল্যচিকিত্সকেরা দাবি করেছেন, চাভেজের অস্ত্রোপচার ‘পুরোপুরি সফল’ হয়েছে।