শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে পাকিস্তানের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। এ হারে টুর্নামেন্টে টিকে থাকতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল আফ্রিদিরা। আজ শনিবার লো স্কোরিং ম্যাচে ১ রানের জয় পেয়েছে কিউইরা। এ জয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভেট্টোরি বাহিনী। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল কিউইরা।টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে করে ১৩৩। শুরুটা ভালই করেছিল নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালাম ও জেসি রাইডার ওপেনিং জুটিতে তোলেন ৩৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক ভেট্টোরি। এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ৩৩, স্টাইরিস ২১ রান করেন। পাকিস্তানের মোহাম্মদ সামি, রেহমান ও শহীদ আফ্রিদি ২টি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের ১৩৩ রানের জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করে পাকিস্তান। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন সালমন বাট। শেষ পর্যন্ত বাট ৬৭ রানে অপরাজিত থেকেও দলকে জয় এনে দিতে পারেননি। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে বাউন্ডারি মেরে জয়ের আশা জাগান সালমান বাট। ৫ম বলে ১ রান নেন। শেষ বলে জয়ের জন্য দরকার ২ রান। ব্যাটিংয়ে রেহমান। তিনি বাটলারের বল উঠিয়ে মারতে গিয়ে গুপটিলের হাতে ক্যাচ দেন।সালমান ৫৪ বলে ৮টি চার ১টি ছক্কায় করেন ৬৭। এছাড়া রাজ্জাক ২৯, আফ্রিদি ১১ রান করেন। নিউজিল্যান্ডের বাটলার ১৯ রানে ৩ উইকেট পান। এছাড়া মিলস ২টি ও শেন বন্ড ১টি উইকেট নেন। ম্যান সেরা হয়েছেন ইয়ান বাটলার।