শ্বাসরোধে মুক্তিযোদ্ধা হত্যা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে মো. খবির উদ্দিন (৬৪) নামের এক মুক্তিযোদ্ধাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ আজ বুধবার সকাল আটটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে এক ব্যক্তি সেচের মেশিনঘরে খবির উদ্দিনকে পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। স্থানীয় শ্যামপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, গলায় মাফলার পেঁচিয়ে শ্বাস রোধ করে খবির উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান বলেন, বলেন, খবির উদ্দিন একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি জমিতে সেচ দেওয়ার জন্য একটি গভীর নলকূপ ঘরের পাহারাদার ও চালক ছিলেন। তাঁর বড় ছেলে শাহীন আলম পুলিশের সদস্য ও ছোট ছেলে রিপন আলী গাজীপুরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। একমাত্র মেয়ে কুষ্টিয়া সরকারি কলেজে পড়ছেন।