শ্যাওড়াপাড়ায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকায় আজ বুধবার সকালে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর ওই এলাকার সব পোশাক কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ সকালে শ্রমিকেরা শ্যাওড়াপাড়া এলাকায় এম এম শার্ট লিমিটেডে কাজ করতে গিয়ে কারখানা বন্ধ পান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে অন্যান্য কারখানার শ্রমিকেরাও যোগ দেন। সকাল নয়টা থেকে শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর গোল চক্কর থেকে শ্যাওড়াপাড়া পর্যন্ত সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া হয়। মিরপুর অঞ্চলের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, সকাল ১০টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। শ্রমিক অসন্তোষের জের ধরে ওই এলাকার সব কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। ইমতিয়াজ আহমেদ জানান, এম এম শার্ট লিমিটেড কর্তৃপক্ষ দাবি করেছে, শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে আলোচনার জন্য দুই দিন কারখানা ছুটি দেওয়া হয়েছে। শুক্রবার এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছা যাবে বলে আশা করছে তারা। এর মধ্যে আজ শ্রমিকেরা নতুন নতুন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।শ্রমিকেরা দাবি করেছেন, ছুটির বিষয়টি তাঁদের জানানো হয়নি।