সাতক্ষীরার শ্যামনগরে গত বৃহস্পতিবার শিক্ষামেলায় ভাঙচুরের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। পাল্টাপাল্টি এসব মামলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকেরা মুখোমুখী অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মেলায় ভাঙচুর ও শিক্ষকদের মারধরের ঘটনায় বৃহস্পতিবার রাতেই জাতীয় পার্টির ১৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মামলা করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও ২৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করে জাতীয় পার্টি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে মামলা, শিক্ষকদের ওপর হামলা ও মেলায় ভাঙচুরের ঘটনায় গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা অভিযোগ করেন, আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির অফিস থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। অপরদিকে শিক্ষামেলায় ভাঙচুরের ঘটনায় জাতীয় পার্টির কার্যালয়েও প্রতিবাদ সভা হয়। উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আবু ইছা অভিযোগ করেন, এই সভা চলাকালে আওয়ামী লীগের মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় চারটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এবং জাতীয় পার্টির নেতা-কর্মীরা বাসস্ট্যান্ডের উত্তর পাশে অবস্থান নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাব্বীর আহমদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, শ্যামনগরে বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় দুই দিনব্যাপী শিক্ষামেলা পণ্ড হয়ে যায়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ গোলাম রেজাকে প্রধান অতিথি না করায় জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের কর্মী-সমর্থকেরা এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।