শ্যামনগরে আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামনগর উপজেলার পদ্মপুকুরের খুটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গতকালের বোমা হামলার ঘটনায় পুলিশ আজ রোববার ভোরে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছে।গতকাল শনিবার রাত আটটার দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুরের খুটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী গ্রামের নজরুল ইসলাম (২৮), বিড়ালাক্ষী গ্রামের এমদাদুল হক (৪৬), হাঙলভাঙি গ্রামের রাশেদুল ইসলাম (৩০) ও লাভরু বৈদ্য (২০), পদ্মপুকুর ইউনিয়নের আহসান হাবিব (৪০) ও শহিদুল ইসলাম (৫০), চণ্ডীপুর গ্রামের আবু দাউদ (৫৬), মোহাম্মদ আলী (২৫), মনিরুল ইসলাম (২৩), শহিদুল্লাহ আলী গাজী (৫৭) এবং সোনাখারী গ্রামের আনছার উদ্দীন (৬০)।পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান গাজী জানান, গতকাল সন্ধ্যায় ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মীরা খুটিকাটা এলাকায় তাঁদের কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি এবং আসবাবপত্র ভাঙচুর করে। চলে যাওয়ার সময় তারা চার-পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ হামলায় নেতৃত্ব দেন পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমীর নূরুল আমিন ও তাঁর কর্মীরা। তবে নুরুল আমিন দাবি করেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাঁদের ফাঁসাতে আওয়ামী লীগ-সমর্থিত একটি মহল এ ঘটনা ঘটিয়েছে। এখন তাঁদের সমর্থক ও নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। শ্যামনগর থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান জানান, বোমা হামলার ঘটনায় পদ্মপুকুর ইউপি আওয়ামী লীগের আহ্বায়ক হাবিবুর রহমান গাজী বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনের নামে মামলা করেছেন। এ মামলায় ইতিমধ্যে এজাহারভুক্ত ছয়জনসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ সকালে সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান আলী খান জানান, মামলার কপি পেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।