শ্যামনগরে চার বনদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় জেলেদের নৌকায় চাঁদা আদায়কালে চারজন বনদস্যুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে একদল জেলে। পরে পুলিশ তাদের একটি মামলায় গ্রেপ্তার দেখায়। আজ সোমবার ভোরে শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদের পাশে জেলেখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—খুলনা জেলার কয়রা উপজেলার দুই নম্বর কয়রা গ্রামের আবুল কালাম (৩৫), একই উপজেলার পাঁচ নম্বর কয়রা গ্রামের মিজানুর রহমান শেখ (৪০), ঘাটাখালী গ্রামের রোকন শেখ (২৫) ও একই গ্রামের মো. মাসুম বিল্লাহকে (২৩) ।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার জানান, চারজন বনদস্যু জেলেদের নৌকা থেকে চাঁদা আদায় করছিল। এ সময় জেলেরা এক হয়ে তাদের আটক করে মুঠোফোনে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা চারজন বনদস্যুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, গত ১০ জুলাই সুন্দরবনের ভেতর পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।