শ্যামনগরে ঝড়ে একজন নিহত, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে গতকাল সোমবার রাতে আকস্মিক ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরের চালের নিচে চাপা পড়ে সুনীল মিস্ত্রি (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিংড়িখালী গ্রামের বঙ্কু মিস্ত্রির ছেলে। ঝড় বয়ে যাওয়া এলাকার মানুষ জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে মাঝারি ধরনের ঝড় শ্যামনগর উপজেলা সদরের চিংড়িখালী এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, মথুরাপুরসহ কয়েকটি গ্রামে আঘাত হানে। শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। এসব গ্রামে গাছপালা ভেঙে গেছে এবং বোরো ফসলের ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝড়ের সময় সুনীল মিস্ত্রি ঘরের চালের নিচে চাপা পড়েন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।শ্যামনগর উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা জানান, ঝড়ে এক ব্যক্তির মৃত্যু এবং ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।