শ্যামনগরে সাবেক সাংসদসহ জামায়াতের ২৭ নেতা-কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও সাবেক সাংসদ নজরুল ইসলামসহ ২৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে থানায় মামলা করে আজ রোববার সকালে আটক ব্যক্তিদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গোপন বৈঠকের সময় আজ রোববার ভোরে সাবেক সাংসদ নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বাকি ২৬ জনকে গতকাল শনিবার বিকেল চারটার দিকে শ্যামনগর থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও নবাকী গ্রামের মাওলানা অহিদুজ্জামানও (৪০) রয়েছেন। শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল বারী জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মাসিক সাংগঠনিক বৈঠকে মিলিত হয়েছিলেন। তাঁর অভিযোগ, এ সময় পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে।শ্যামনগর থানার ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান বাদী হয়ে মামলা করেছেন।