শ্যামনগরে হামলা ভাঙচুরে শিক্ষামেলা পণ্ড, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হামলায় সাতক্ষীরার শ্যামনগরে গতকাল বৃহস্পতিবার শিক্ষামেলা পণ্ড হয়ে গেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদকে প্রধান অতিথি না করায় জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের কর্মী-সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় চার শিক্ষকসহ সাতজন আহত হয়েছেন। পুলিশ তিনজনকে আটক করেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ জানান, জেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। গতকাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় জেলা প্রশাসককে। স্থানীয় সাংসদকে প্রধান অতিথি না করায় কিছু লোক ক্ষুব্ধ হয়ে মেলায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন দ্বীন মোহাম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানান, মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে বেলা ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করার প্রস্তুতি চলছিল। এ সময় উপজেলা ছাত্র সমাজের সভাপতি বেলাল হোসেন, উপজেলা ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান হোসেন ও উপজেলা শ্রমিক সমাজের সহসভাপতি নূর ইসলামের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে মেলা প্রাঙ্গণে হামলা চালায়। তারা মেলার ১০টি স্টল ভাঙচুর করে। এ সময় খাগড়াদানা সরকারি বিদ্যালয়ের শিক্ষক শাহাজান আলী, কাটিবার হল সরকারি বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর ও মিজানুর রহমান এবং কাশিমাড়ী সরকারি বিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেনসহ সাতজন শিক্ষককে মারধর করা হয়। হামলাকারীদের বাধা দিতে গিয়ে ঝাঁপা সরকারি স্কুলের শাহানাজ বেগম, খানপুর সরকারি বিদ্যালয়ের নাসিমা খাতুন ও আমিনা বেগম এবং ভুরুলিয়া ৫৬ নম্বর সরকারি বিদ্যালয়ের শিক্ষক সাধন বৈদ্যও লাঞ্ছিত হন। হামলার প্রতিবাদে উপস্থিত শিক্ষকেরা মিছিল বের করলে সেখানেও হামলা চালানো হয়।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভাঙচুর ও শিক্ষকদের মারধরের প্রতিবাদে উপজেলার ১৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষক দুপুরে শ্যামনগর চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তাঁরা রাস্তায় শুয়ে প্রতিবাদ জানালে শ্যামনগর-সাতক্ষীরা সড়কে দুই ঘণ্টার জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।জানতে চাইলে সাংসদ গোলাম রেজা বলেন, ‘সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমার বাসায় এসে জানান, উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করা যাচ্ছে না। মেলার সমাপনী দিনে আমাকে প্রধান অতিথি করা হবে। এরপর আমি কালীগঞ্জে চলে যাই। মেলায় ছাত্রলীগ হামলা চালিয়ে এখন ছাত্র সমাজের ওপর দায় চাপাচ্ছে।’উপজেলা ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই মেলায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না।’ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উপজেলা শ্রমিক সমাজের সহসভাপতি নূর ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে যাইনি।’শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, হামলার ঘটনায় জড়িত অভিযোগে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হাসান মিয়া, উপজেলা ছাত্র সমাজের সভাপতি বেলাল হোসেন ও ছাত্র সমাজের কর্মী সাইফুলকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্র সমাজের সভাপতি বেলাল হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুরে অংশ নেননি। একই মন্তব্য করেছেন গ্রেপ্তার অপর দুই ব্যক্তি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাববীর আহমদ বলেন, সরকারিভাবে আয়োজিত মেলায় হামলার ঘটনা দুঃখজনক। হামলার পর শিক্ষামেলা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুর হায়দার অভিযোগ করেন, জাতীয় ছাত্র সমাজের কর্মী-সমর্থকেরা মেলা প্রাঙ্গণে হামলা চালানোর সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ তাৎক্ষণিক মিছিল করেছে।