শ্যামনগরে ১৪৪ ধারা জারি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে আজ রোববার ১৪৪ ধারা জারি করা হয়েছে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের একটি অংশ ও উপজেলা ছাত্রলীগ একই সময়ে একই স্থানে সভা আহ্বান করায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের একটি অংশ গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আযমের ওপর হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে আজ বেলা তিনটায় এক সভা ডাকা হয়। একই স্থানে একই সময়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাঈদউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের ওই অংশের বিরুদ্ধে সভা ডাকা হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজন দেখা দিয়েছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে আজ বেলা ১১টার দিকে মাইকিং করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে উপজেলা চত্বরসহ শ্যামনগর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শ্যামনগর উপজেলায় দায়িত্বরত ইউএনও তৌফিক-ই-এলাহি বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে।