শ্যামনগরের শেফালী রানী
সংসারের অনটনে অষ্টম শ্রেণীতে ওঠার পরপরই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তাঁকে। বাপের বাড়ির চেয়ে স্বামীর ঘরে আরও অনটনে দিন কাটাতে হয়েছে। কিন্তু হারার পাত্রী নন। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুরু করেন জীবনসংগ্রাম। এই নারীর নাম শেফালী রানী রায়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের শেফালী রানী সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন। ‘আমি শুধু চেয়েছিলাম পরিবারের সচ্ছলতা আনতে, ছেলেমেয়ের মুখে হাসি ফোটাতে আর নারী হিসেবে সমাজে কিছু করতে। তাই বিয়ের পর স্বামীর বাড়িতে বংশপরম্পরায় চলে আসা শাঁখা বানানোর কাজে হাত পাকাতে শুরু করি। পুরস্কারের আনন্দ অনেক বেশি হলেও এ কাজ করে ছেলেমেয়েগুলোকে লেখাপড়া করাতে পেরেছি। আর সংসারের অভাব দূর হয়েছে, এটাও কম পাওয়া নয়।’ পুরস্কার বিজয়ী শেফালী রানী রায় এভাবেই প্রকাশ করলেন তাঁর অনুভূতির কথা।শেফালী রানী রায়ের বিয়ে হয় ১৯৮৪ সালে মাত্র ১৪ বছর বয়সে খাগড়াঘাট গ্রামের নেপাল চন্দ্র রায়ের সঙ্গে। বিয়ের আগে তিনি কাজ করতেন বাবার সঙ্গে কৃষিজমিতে। সেখানে ছিল নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। বিয়ের পর শুরু হয় আরও কঠিন জীবন। অনাহার-অর্ধাহারে কাটাতে হতো প্রায়ই। স্বামী খুলনা থেকে শাঁখা কিনে নিয়ে এসে গ্রামে বিক্রি করতেন। কোনো দিন দুই থেকে চার জোড়া বিক্রি হতো। আবার কোনো দিন বিক্রি হতো না। একেবারেই সংসার অচল হওয়ার উপক্রম হলে ১৯৯৩ সালের দিকে শ্বশুরবাড়িতে বসেই শাঁখা তৈরির কাজ শুরু করেন। মাত্র দুই-তিন বছর পর স্থানীয় কয়েকজনের কাছ থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে কাঁচামাল কিনে তা দিয়ে শুরু করেন নিজের ব্যবসা। বিক্রি বাড়তে থাকে, পুঁজিও বাড়তে থাকে। এ সময় বেসরকারি সংস্থা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনে যান তিনি। ওই প্রতিষ্ঠানের কয়েকজনের অনুপ্রেরণায় ২০০০ সাল থেকে তিনি ব্যবসা প্রসারের চিন্তা করতে থাকেন। নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন তাঁকে পাঁচ হাজার টাকা ঋণ দেয়। স্বামীর সহায়তা নিয়ে এ অঞ্চলের প্রতিটি হাট-বাজারে শাঁখা সরবরাহ শুরু করেন শেফালী। অল্প দিনেই শেফালীর হাতের কাজ করা শাঁখা জনপ্রিয় ওঠে। গেরস্থালি কাজকর্মের পাশাপাশি শাঁখা তৈরি করে তিনি এখন এ অঞ্চলে অনেকের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত। ৪ আগস্ট ঢাকায় একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত খাগড়াঘাটের শেফালী রানীর হাতে সিটি ব্যাংক প্রবর্তিত ‘সেরা ক্ষুদ্র উদ্যোক্তার পুরস্কার’ তুলে দেন। তাঁকে দেওয়া হয় তিন লাখ ৫০ হাজার টাকার চেক ও সম্মানসূচক একটি ক্রেস্ট। শেফালী রানী রায় জানান, বয়সের কারণে কিছুটা গতি হারালেও এখনো তিনি দিনে ১০ জোড়া শাঁখা তৈরি করতে পারেন। যার বাজার মূল্য প্রতি জোড়া ২০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। সারাটা দিন ব্যয় করলে ২০ থেকে ২২ জোড়া শাঁখা তৈরি সম্ভব বলে জানান তিনি। তিনি বলেন, স্বামী নেপাল রায় তাঁরই তৈরি শাঁখা নিয়ে গোটা উপজেলার বাজারগুলোর পাশাপাশি খুলনার কয়রা, মংলা, পাইকগাছাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। আর বাড়িতে বসে স্নাতক (সম্মান) শ্রেণীর ছাত্র ছেলে দেবব্রত রায় ও মেয়ে দেবযানী রায় পড়ালেখার পাশাপাশি তাঁকে সাহায্য করেন। এ ছাড়া বর্তমানে চারজন নারী শ্রমিক রয়েছেন তাঁর কাজের জন্য। এ ব্যবসার টাকায় বড় দুই মেয়ে মিঠু ও মিনুকে উচ্চমাধ্যসিক পাস করিয়ে ধুমধাম করে বিয়ে দিয়েছেন শেফালী। তাঁর ছোট মেয়ে দেবযানী স্নাতক (সম্মান) শ্রেণীতে আর একমাত্র ছেলে উচ্চমাধ্যমিক পাস করেছে এবার। এ ক্ষুদ্র ব্যবসাকে পুঁজি করে ইতিমধ্যে চার বিঘা জমি কেনার পাশাপাশি একটি ছোট চিংড়িঘের, কিছু অর্থ সঞ্চয় ছাড়াও মাথা গোঁজার মতো একটু ঠাঁই তৈরি করতে সক্ষম হয়েছেন। নেপাল চন্দ্র রায় জানান, স্ত্রী শেফালীর সাফল্যে তিনি খুশি। তাঁকে এখন অনেকে চেনেন শেফালীর স্বামী হিসেবে।