শ্যামপুর-কদমতলী খালের আরও ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর শ্যামপুর-কদমতলী খালের উভয় পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল বৃহস্পতিবারও অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বেলা ১১টার দিকে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। বিকেল সাড়ে চারটার দিকে অভিযান শেষ হয়। এ সময়ের মধ্যে ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে ১৩টি আধাপাকা ও ১৫টি টিনশেড ঘর রয়েছে। শ্যামপুর নামাপাড়া এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম প্রথম আলোর কাছে দাবি করে বলেন, ‘শ্যামপুর মৌজায় সিএস ১২৩ ও ১২৪ দাগে আমাদের আট কাঠা জমি রয়েছে। ওই জমিতে আমরা পাঁচটি আধাপাকা ঘর তুলে বসবাস করছি। সরকার নোটিশ ছাড়াই আমাদের স্থাপনা ভেঙে দিয়েছে।’ একই এলাকার বাসিন্দা মো. আফসার উদ্দিন জানান, শ্যামপুর মৌজার সিএস ৬৯৯ দাগে ২৩ শতাংশ ও সিএস ৭০০ দাগে ২০ শতাংশ পৈতৃক জমিতে তাঁরা ছয়টি আধাপাকা ঘর তৈরি করেছেন। গতকাল তাঁদের ওই ছয়টি ঘর উচ্ছেদ করা হয়েছে। তাঁর অভিযোগ, সার্ভেয়ার মাপে অনিয়ম করেছেন। খালের কোনো অংশ ৩০ ফুট, কোনো অংশ ৩৫ ফুট প্রশস্ত। কিন্তু যাঁরা মাপজোক করেছেন, তাঁরা মনগড়া মেপে গেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন সাংবাদিকদের জানান, উচ্ছেদ করা খালের অংশে আজ শুক্রবার ও কাল শনিবার খননের কাজ করা হবে। আগামী রোববার আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে। অভিযানের সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ছাড়াও শতাধিক শ্রমিক অংশ নেন।এর আগে গত বুধবার খালটির দুই পাড়ের ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।