শ্যামপুরে জোড়া খুন, রায়হান তিন দিনের রিমান্ডে
রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ ও তাঁর গাড়িচালক হারুন অর রশিদ হত্যা মামলায় আসামি রায়হান ওরফে খোকনকে রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। রায়হান স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন আজ রায়হানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।রিমান্ড প্রতিবেদনে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি কদমতলীর কমিশনার গলিতে একদল সন্ত্রাসীর হামলায় মোহাম্মদ উল্লাহ ও তাঁর গাড়িচালক খুন হন। এ ঘটনায় তুহিন ওরফে জাবেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি রায়হানের নাম প্রকাশ করেন এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রায়হানকে গতকাল রোববার রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।প্রতিবেদনে আরও বলা হয়, আসামি রায়হানের পরিকল্পনায় একই দলের নেতা মোহাম্মদ উল্লাকে হত্যা করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।