শ্যামপুরে ডায়িং কারখানায় আগুন, আট শ্রমিকের মৃত্যু
রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার একটি ডায়িং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত আটজন শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে সোনারগাঁও ফেন্সি প্রিন্টিং অ্যান্ড ডায়িং লিমিটেডে এ ঘটনা ঘটে।নিহত আটজন হলেন চাঁদপুর সদর উপজেলার রামদাশদী গ্রামের মৃত মোতালিব খানের ছেলে কবির হোসেন (১৮), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সাদেকপুরের শামসুল হক বারীর ছেলে আবদুল আজিজ (২০), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধুলিহরের মৃত আবদুল সিদ্দিকের ছেলে নয়ন (২০), শরীয়তপুরের সখীপুরের সিরাজ হাওলাদারের ছেলে আলমাছ (২০), কারখানার মালিক মিজানুর রহমানের ভাগনে আসমাউল (১৭), দুই যমজ ভাতিজা কাবিল (২৫) ও হাবিল (২৫) এবং খালাতো ভাইয়ের ছেলে চয়ন (২৫)।প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, ভোররাত সাড়ে চারটার দিকে শ্যামপুর শিল্প এলাকার লাল মসজিদ সড়কের ১৪ নম্বর প্লটে ওই ডায়িং কারখানার চতুর্থ তলার ছাদে শ্রমিকদের থাকার স্থানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা একে একে টিনশেডের পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে। কর্তব্যরত শ্রমিকেরা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছালে তাঁদের সঙ্গে কারখানার শ্রমিকেরাও ছাদে উঠে দেয়াল ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালান। ফায়ার সার্ভিসের সদর দপ্তর ও পোস্তগোলা স্টেশনের পাঁচটি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ছাদের দক্ষিণ দিকের একটি কক্ষ থেকে আটজন শ্রমিকের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করেন।খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে আসে। কদমতলী থানার পুলিশ মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। স্বজনেরা মর্গে গিয়ে লাশ শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন।প্রত্যক্ষদর্শী ও কারখানার ফিনিশিং শ্রমিকদের ঠিকাদার আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি কারখানার তৃতীয় তলায় কাজ তদারক করছিলেন। ‘আগুন, আগুন’ চিৎকারে তিনি ছাদে উঠে দেখেন ডিজাইন স্টুডিও কক্ষের সামনে আগুন জ্বলছে। আগুন দ্রুত সব কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় কক্ষ থেকে কারও শব্দ পাওয়া যায়নি। রাতে দায়িত্ব না থাকায় আটজন শ্রমিক তিনটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে তিনি কারখানার মেইন সুইচ বন্ধ করে দেন। এরপর আবার তৃতীয় তলায় নেমে দেখেন রাতের পালার শ খানেক শ্রমিক ‘বাঁচাও’ ‘বাঁচাও’ বলে ছোটাছুটি করছেন। অনেকে হুড়োহুড়ি করে নিরাপদ আশ্রয়ে চলে যান। এরপর তিনি ফায়ার সার্ভিসে খবর দেন।রহিম জানান, ছাদের একাংশে ওই পাঁচটি কক্ষের একটিতে রান্নাঘর, পাশেরটি ডিজাইন স্টুডিও। পরের তিনটি কক্ষে দিন-রাত মিলিয়ে ১৬ জন শ্রমিক থাকেন। নিহত আটজনের মধ্যে ছয়জন ধূমপান করতেন। মনে হচ্ছে, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানার মালিক ধূমপান নিষিদ্ধ করলেও কেউ তা মানতেন না।শ্রমিক মুরাদ জানান, আটজন শ্রমিক তিনটি কক্ষে থাকলেও আগুন থেকে বাঁচতে হয়তো সবাই এক কক্ষে আশ্রয় নিয়েছিলেন।কারখানায় আগুন লাগার খবর পেয়ে কর্মস্থলে ছুটে আসা শ্রমিকেরা সহকর্মীদের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।ঘটনার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানার নিরাপত্তাকর্মী নাসিরউদ্দিন জানান, কারখানার মালিকের ঘোষণার পর ছুটির কথা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।মামলা হবে কারখানার মালিকের বিরুদ্ধে: আগুনে আটজন শ্রমিকের প্রাণহানির ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, অগ্নিনির্বাপণের ব্যবস্থা না করে অপরিকল্পিতভাবে শ্রমিকদের থাকতে দেওয়া এবং এ কারণে প্রাণহানির ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে থানায় মামলা হবে। স্বজনদের পক্ষ থেকে কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।কমিটি গঠন: আগুন লাগার কারণ উদ্ঘাটনে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগুন নেভানোর নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক (অভিযান) ভরত চন্দ্র বিশ্বাস বলেন, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে শ্রমিকদের থাকার স্থানে অগ্নিনির্বাপক সরঞ্জামাদি ছিল না। অধিকাংশ টিনের জানালা বন্ধ ছিল। অতিমাত্রায় সৃষ্ট ধোঁয়া ও জ্বলন্ত টিনের উত্তাপে শ্রমিকেরা অচেতন হয়ে পড়েন। এরপর তাঁরা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।দুপুরে সোনারগাঁও ফেন্সি প্রিন্টিং অ্যান্ড ডায়িং লিমিটেডের সামনে শ্রমিকসহ অনেক মানুষের ভিড় দেখা যায়। ছাদে শ্রমিকদের থাকার কক্ষগুলোতে গিয়ে দেখা যায় যায়, খাট, কাপড়চোপড় ও মালপত্র পুড়ে গেছে। নিচে পড়ে আছে পোড়া সিলিং ফ্যান, বেশ কিছু রাসায়নিক দ্রব্য রাখার খালি ড্রাম। শ্রমিকেরা জানান, এসব ড্রামে কোনো রাসায়নিক দ্রব্য ছিল না। ড্রাম ধুয়ে শ্রমিকেরা ব্যবহার করতেন।লাশ হস্তান্তর: দুপুরে সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে সেখানে উপস্থিত ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। তিনি প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি লাশ দাফনের জন্য তাঁদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।কারখানার মালিক মিজানুর রহমানের প্রতিনিধি ওবায়দুল হক মর্গে জানান, শ্রমিক আইন অনুযায়ী নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।