শ্যালিকাকে এসিড, ১৪ বছরের কারাদণ্ড
ফরিদপুরে এসিড ছোড়ার ঘটনায় দোষী সাব্যস্ত করে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মো. বারেকুজ্জামান এ রায় দেন। সাজা পাওয়া ওই ব্যক্তির নাম জাফর মোল্লা (৪৬)। তাঁর বাড়ি রাজবাড়ী সদরের মাটিপাড়া ইউনিয়নের কালীবাড়ি গ্রামে।অর্থদণ্ডের ৫০ হাজার টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত লিপি বেগমের পরিবারকে দেওয়ার জন্য আদালত জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ২৪ অক্টোবর রাতে সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর গ্রামে লিপি বেগমের বাড়িতে তাঁর দুলাভাই জাফর মোল্লা এসিড ছুড়ে তাঁকে এবং তাঁর দুই ছেলে হাবিবুর রহমান (৮) ও সাব্বির রহমানকে (৩) দগ্ধ করেন। জাফর মোল্লা তাঁর প্রথম স্ত্রী থাকা অবস্থায় ছোট শ্যালিকা জাহেদাকে (২৫) বিয়ে করার চেষ্টা করেন। কিন্তু লিপি বেগম তাতে বাধা দিয়ে জাহেদাকে তাঁর বাড়িতে নিয়ে আসেন। ছোট শ্যালিকাকে বিয়ে করতে না পেরে ক্ষিপ্ত হয়ে জাফর মোল্লা তাঁদের ওপর এসিড ছোড়েন। ২৬ অক্টোবর লিপি বেগমের দেবর হালিম মুন্সি বাদী হয়ে জাফর মোল্লাকে আসামি করে সদরপুর থানায় মামলা করেন।