শ্যুটিংরত ওবামার ছবি প্রকাশ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শ্যুটিংরত একটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। গতকাল শনিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।সম্প্রতি হোয়াইট হাউস ছবি শেয়ারের ওয়েবসাইট ফ্লিকারে প্রেসিডেন্ট ওবামার একটি ছবি প্রকাশ করে। ২০১২ সালের ৪ আগস্ট তোলা ওই ছবিতে দেখা গেছে, ওবামা জিনসের প্যান্ট, পোলো শার্ট, চোখে রোদচশমা ও কানে শব্দনিরোধক ব্যবহার করে শটগান হাতে দাঁড়িয়ে আছেন। একটু আগেই এই শটগান থেকে শ্যুট করা হয়েছে, তাই বন্দুকের নল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে।‘দ্য নিউ রিপাবলিক’ ম্যাগাজিনকে সম্প্রতি বারাক ওবামা ওই ছবি প্রসঙ্গে বলেন, ‘আমরা ক্যাম্প ডেভিডে গেলে সব সময় শ্যুটিং করি।’ওবামার শ্যুটিংয়ের অভ্যাসের কথা এত দিন কেন প্রকাশ করা হয়নি তা জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনে বলেন, ‘যখন তিনি ক্যাম্প ডেভিডে অবকাশযাপনে যান, তখন তিনি শুধু পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে যান। ছবি তুলতে যান না।’গত মাসে বারাক ওবামা অস্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের প্রস্তাব করেছেন। গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে গুলি করে প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিশুসহ ২৬ জনকে হত্যার পর ওবামা অস্ত্র ব্যবহারে কড়াকড়ি আরোপের ব্যাপারে উদ্যোগী হোন।