মেজর কাজী আশরাফ হোসেনের কবরের পাশে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে মেয়ে ঐশী। পাশে ছেলে সৌম্যকে নিয়ে ভেজা চোখে দাঁড়িয়ে আছেন মা গীতি। হাতে একগুচ্ছ রজনীগন্ধা। গুচ্ছবদ্ধ রজনীগন্ধা ঘিরে আছে অকালপ্রয়াত স্বামীর প্রতি গভীর ভালোবাসা। গতকাল শুক্রবার এভাবেই শোকে, শ্রদ্ধায়, ভালোবাসায় আর ফুলে ফুলে ভরে উঠল বনানীর সামরিক কবরস্থান।দুই বছর আগে ঠিক এই দিনে বাবার খোঁজ পাচ্ছিল না ঐশী। পরিবারের সবাই তখন উৎকণ্ঠায়। দুই দিন পর মেলে মাটিচাপা দেওয়া মৃতদেহ।দুই বছর আগে রাজধানীতে বিডিআর সদর দপ্তরে বিদ্রোহী জওয়ানদের হাতে নিহত সেনা কর্মকর্তাদের যাঁরা চোখের পানিতে বিদায় দিয়েছিলেন, তাঁদের অনেকেই কাল বনানীর সামরিক কবরস্থানে আসেন। আসেন সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তারাও।সকালে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধি। আসেন বিরোধীদলীয় নেত্রীর প্রতিনিধিও। সবাই স্মরণ করলেন দুই বছর আগে পিলখানায় সংঘটিত সেই নৃশংস ঘটনা।ঘটনার ১০ মাস পর স্বামীর লাশ পান মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা। দুই সন্তান ইফাজ আর ওয়াদাকে নিয়ে সিক্ত নয়নে দাঁড়িয়ে ছিলেন তাসনুভা। পাশে ছিলেন তানভীরের বাবা নূর মোহাম্মদ ও মা শাহানা নূর। তাঁরা এসেছিলেন চট্টগ্রাম থেকে। সেদিনের ঘটনা স্মরণ করে নূর মোহাম্মদ বললেন, সেদিন সেনা কর্মকর্তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। মেজর মিজানুর রহমানের ছোট ভাই ফেরদৌস মাকে নিয়ে এসেছিলেন কবরস্থানে। ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে জানালেন, তাঁর ভাইয়ের দুই সন্তান রামি ও সামি আসতে পারেনি। তাদের মামা দুই ভাগনেকে বিদেশে নিয়ে গেছেন। কর্নেল শওকত ইমামের বোন মাসুদা সাইদের দাবি, এ দিনটিকে জাতীয় দিবস ঘোষণা করা হোক। এতগুলো মানুষ এভাবে প্রাণ দিল, অথচ রাষ্ট্র ও সরকারপ্রধানেরা কবরের সামনেই এলেন না।পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের বেশির ভাগের দাফন হয়েছে বনানীর সামরিক কবরস্থানে। কয়েকজনকে তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়। কবরস্থানে মাঝামাঝি এক সারিতে এসব কর্মকর্তাকে দাফন করা হয়েছে। সবার আগে বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রীর কবর। কবরগুলো সিরামিকের ছোট দেয়াল আর স্টিলের রেলিং দিয়ে বাঁধানো। মাঝে কালো সিরামিক লাগানো স্মৃতিস্তম্ভ। তিন সারিতে সব কর্মকর্তার নাম লেখা। এই নামফলকের বেদিতেই সকাল থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই।নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে এডিসি স্কোয়াড্রন লিডার শহিদুর রহমান, প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ভারপ্রাপ্ত সেনাপ্রধান লে. জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম সম্মিলিতভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।আওয়ামী লীগের পক্ষে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, বাণিজ্যমন্ত্রী ফারুক খানসহ অন্যরাও শ্রদ্ধা জানান।ফুল দেওয়ার পর নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। এ সময় মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় সেনা মসজিদের ধর্মীয় শিক্ষক (ইমাম) মাওলানা মাহমুদুল হক।আরও শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার পক্ষে মির্জা আব্বাস ও আলতাফ হোসেন চৌধুরী এবং বিএনপির পক্ষে নেতা-কর্মীদের নিয়ে হান্নান শাহ।গতকাল সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সব সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে (গ্যারিসন/প্রধান মসজিদ) সব এরিয়ার তত্ত্বাবধানে এবং ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতমের ব্যবস্থা করা হয়। মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতেরও আয়োজন করা হয়। মিলাদে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন। বিজিবির কেন্দ্রীয় কার্যালয় পিলখানায় কোরআন খতম ও পিলখানার কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পিলখানা ছাড়াও বিজিবির সব সেক্টর, প্রতিষ্ঠান, ইউনিটের প্রধান মসজিদ ও বিওপিতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।