শ্রদ্ধা জানানো নিয়ে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ আজ শনিবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে চলে পাল্টাপাল্টি ধাওয়া। এতে তিনজন আহত হন। একপর্যায়ে একপক্ষকে লক্ষ্য করে অন্যপক্ষের গুলিবর্ষণের ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষ নাসিরউদ্দিন ঝিলু গ্রুপ ও আবদুুল বাতেন গ্রুপ বেলা পৌনে ১২টার দিকে উপজেলা কমপ্লেক্স স্মৃতিসৌধে ফুল দিতে যায়। আগে ফুল দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। দুপুর ১২টার দিকে একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, যুবলীগ কর্মী রাব্বি ও মোশাররফ আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝিলুর সমর্থকেরা প্রতিপক্ষকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। এর প্রতিবাদে বাতেনের সমর্থকেরা সড়ক অবরোধ করেছে।এ ব্যাপারে নাসিরউদ্দিন ঝিলু ও আবদুল বাতেনের তাত্ক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করলেও গুলির ঘটনা জানেন না বলে জানিয়েছেন।