গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী নূরুজ্জামান বীর উত্তমের মরদেহ গতকাল শনিবার বনানীর সামরিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দুই দফা এই বীর মুক্তিযোদ্ধার জানাজা হয়।এর আগে সকাল সাড়ে ১০টায় কাজী নূরুজ্জামানের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে কফিনে ফুল দিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। আওয়ামী লীগের পক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও তোফায়েল আহমেদ এবং বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার নেতৃত্বে উভয় দলের নেতা-কর্মীরা মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদন শেষে মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, কাজী নূরুজ্জামান সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ করেই দায়িত্ব শেষ করেননি। সামাজিক পরিবর্তনের জন্য তিনি আজীবন কাজ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি ছিলেন অগ্রসৈনিক। কিন্তু তিনি এদের বিচার দেখে যেতে পারলেন না। তবে তাঁর আত্মা যুদ্ধাপরাধীদের বিচার দেখে শান্তি পাবে।মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কাজী নূরুজ্জামান ছিলেন সোচ্চার। আমরাও চাই, যুদ্ধাপরাধীদের বিচার হোক। তবে এ বিচার-প্রক্রিয়া যেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান আনোয়ার হোসেন। এ ছাড়া শ্রদ্ধা জানান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, মুক্তিযুদ্ধ জাদুঘর, উদীচী শিল্পীগোষ্ঠী, আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।শ্রদ্ধা নিবেদন শেষে নূরুজ্জামানের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বেলা পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজায় সাংবাদিক এবিএম মূসা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপির আবদুল্লাহ আল নোমান, মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খান বাদল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফসহ নানা শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বাদ আসর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজায় সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমানসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদমর্যাদার সাবেক ও বর্তমান কর্মকর্তারা অংশ নেন। এরপর সামরিক কবরস্থানে মরহুমের কফিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও দাফন শেষে সেনাবাহিনীর প্রধান মরহুমের নিকটাত্মীয়র কাছে জাতীয় ও সেনাবাহিনীর পতাকা হস্তান্তর করেন।নূরুজ্জামান ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার মারা যান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সেপ্টেম্বর মাসে তিনি ৭ নম্বর সেক্টরে কমান্ডারের দায়িত্ব পান। বীরত্বের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করায় তাঁকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।কাজী নূরুজ্জামানের মৃত্যুতে বিভিন্ন দল, ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।