শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজীবন আওয়ামী লীগের প্রতি অনুগত থাকা জিল্লুর রহমান মৃত্যুর পর হয়ে ওঠেন সব দল-মতের ঊর্ধ্বে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বঙ্গভবনে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। দ্বিধাবিভক্ত রাজনৈতিক পরিবেশের মধ্যেও সবার শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন প্রয়াত রাষ্ট্রপতি।১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার দিন ঢাকার রোজ গার্ডেনে স্বেচ্ছাসেবক হিসেবে কাউন্সিলরদের পানি খাওয়াতে পারার কথাটি খুব গর্ব করে বলতেন জিল্লুর রহমান। ৬০ বছর পর সেই দলের মনোনয়নে তিনি রাষ্ট্রপতি হন। সেদিন বঙ্গভবনে শপথ নিয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এভাবে, ‘আমি স্বেচ্ছাসেবক থেকে রাষ্ট্রপতি।’এমন একজন নির্মোহ, নিরহংকার ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে নানা মত-পথ ভুলে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার মানুষ এক কাতারে শামিল হন বঙ্গভবনে। কেউ লুঙ্গি পরে, কেউ খালি পায়ে, ফুটপাতের দোকানি থেকে কোটিপতি ব্যবসায়ী, আমলা থেকে বিদেশি কূটনীতিক—সব স্তরের মানুষ জিল্লুর রহমানকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।বঙ্গভবনে রাষ্ট্রপতির কফিন: ফুলে ফুলে সাজানো সেনাবাহিনীর একটি পিকআপ জিল্লুর রহমানের কফিন নিয়ে বেলা একটায় বঙ্গভবনে পৌঁছায়। এরপর মেজর জেনারেল ও তদূর্ধ্ব পদমর্যাদার ১০ জন সেনা কর্মকর্তা জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি লালগালিচার ওপর দিয়ে নিয়ে যান বঙ্গভবনের উত্তর অংশের শোক বেদিতে। সেখানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় বেদির বাঁ পাশে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, আওয়ামী লীগের নেতা ও শীর্ষ রাজনীতিকেরা বেদির ডান দিকে অবস্থান করছিলেন। জাতীয় পাতাকা, রাষ্ট্রপতির পতাকা, সশস্ত্র বাহিনী বিভাগের পতাকা ও তিন বাহিনীর পতাকা হাতে মাঝে দাঁড়ানো ছিল সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।গার্ড অব অনারের পর অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ফুল দিয়ে রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ডেপুটি স্পিকার শওকত আলীর পক্ষে চিফ হুইপ আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এবং তিন বাহিনীর প্রধান ও কূটনৈতিক কোরের ডিন রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হয় বঙ্গভবনের দরবার হলে। সেখানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দল, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্টজনেরা রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।দেশ অভিভাবক হারাল: শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির কফিন রাখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থান করেন। শোকাহত প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজকের দিনে কিছু বলার মতো মানসিক অবস্থা নেই। তিনি রাষ্ট্রপতির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।রাষ্ট্রপতির কফিনের কাছে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ অভিভাবক হারিয়েছে। কিন্তু আমি আর রেহানা যে কী হারিয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। যে মুহূর্তে ওনার নেতৃত্বের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সে সময়ই তিনি চলে গেলেন। তিনি বিভিন্ন রকম উত্থান-পতনের মধ্যে দলের দায়িত্ব পালন করেছেন।বঙ্গভবনে খালেদা জিয়া: বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বেলা দুইটায় দলীয় নেতাদের নিয়ে বঙ্গভবনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন ও সেলিমা রহমান। এর কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, সাদেক হোসেন খোকা, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, মঈন খান বঙ্গভবনে পৌঁছান। দলীয় নেতাদের নিয়ে বিরোধীদলীয় নেতা প্রয়াত রাষ্ট্রপতির কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কিছু দূরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছিলেন। তবে তাঁদের মধ্যে দেখা বা কথা হয়নি।পরে বেগম জিয়া শোকবইতে স্বাক্ষর করেন। তিনি জিল্লুর রহমানের ছেলে সাংসদ নাজমুল হাসান এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের সান্ত্বনা দেন। দুইটা ২৩ মিনিটে বিরোধীদলীয় নেতা বঙ্গভবন ত্যাগ করেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমাদের চেয়ারপারসন শ্রদ্ধা জানিয়েছেন। উনি বলেছেন, একজন বিজ্ঞ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ চলে গেলেন। এতে দেশের রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’এইচ এম এরশাদ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের বলেন, জিল্লুর রহমানের মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়ল।বিমানবন্দরে আনুষ্ঠানিকতা: দুপুর ১২টায় রাষ্ট্রপতির কফিন সিঙ্গাপুর থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন। রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান এবং পরিবারের অন্য সদস্যরাও একই বিমানে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সেখানে রাষ্ট্রপতির প্রতি রাষ্ট্রীয় সম্মান জানায়।বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বেলা একটার দিকে বঙ্গভবনে পৌঁছায় রাষ্ট্রপতির কফিনবাহী গাড়িবহর। এ সময় রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে সড়কের দুই পাশে নানা বয়সী হাজারো মানুষ কালো পতাকা হাতে দাঁড়িয়ে থাকে।বেলা আড়াইটার পর বঙ্গভবনের ফটক খুলে দেওয়া হয় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য। বিকেল সাড়ে পাঁচটায় রাষ্ট্রপতির কফিন সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা নেওয়া হয়।আজ দাফন: আজ শুক্রবার বিকেল চারটায় বনানী কবরস্থানে স্ত্রী আইভি রহমানের কবরের পাশে জিল্লুর রহমানকে দাফন করা হবে। এর আগে সকাল নয়টায় জন্মভূমি কিশোরগঞ্জের ভৈরবে মরহুমের প্রথম জানাজা হবে। বাদ জুমা ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা হবে। দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধিরা।রাষ্ট্রীয় শোক: রাষ্ট্রপতির মৃত্যুতে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল ছিল সাধারণ ছুটি। বিভিন্ন ধর্মভিত্তিক দল ও সংগঠনের নেতারা আজ বাদ জুমা মরহুম রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন।জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ইন্তেকাল করেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।