শ্রম আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। সংশোধনীতে শ্রমিকের ব্যক্তিগত নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন, আউটসোর্সিংসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে পোশাক কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের কল্যাণের বিষয়ে কয়েকটি নীতিমালা রাখা হয়েছে আইনে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান। শ্রম আইনে পোশাকশ্রমিকদের জন্য যেসব নীতিমালা রাখা হয়েছে, সেগুলো হলো: একজন শ্রমিক পোশাক কারখানায় যদি ১৫ বছরের কম সময় কাজ করেন, তাহলে প্রতি বছরের জন্য এক মাসের গ্র্যাচুইটি পাবেন। এ ছাড়া, কারখানা থেকে বের হওয়ার পথ বন্ধ রাখা যাবে না। দুর্ঘটনা ঘটলে কারখানা থেকে বের হওয়ার সময় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন করা যাবে বলে আইনে উল্লেখ করা হয়েছে। পোশাকশ্রমিকদের জন্য আলাদা বিধিমালা করে কল্যাণ তহবিল গঠন করা হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়। শ্রম আইনে বলা হয়, কারখানায় কর্মরত শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা মালিকেরা নিশ্চিত করবেন। যদি কোনো প্রতিষ্ঠানে পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ করেন, সেখানে স্বাস্থ্যসেবা ক্লিনিক করতে হবে।