শ্রম বিল সংসদে, চাকরির বয়স ৯ মাস হলে কোম্পানির সুবিধাভোগী
কোনো কোম্পানিতে চাকরির মেয়াদ নয় মাস হলেই ওই কর্মকর্তা-কর্মচারী সেই প্রতিষ্ঠানের সুবিধাভোগী হিসেবে বিবেচিত হবেন। এমন বিধান রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে। আজ বুধবার শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। বিলে শ্রমিকদের জন্য গ্রুপ বিমা করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। উত্থাপনের পর বিলটি বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মালিক, অংশীদার কিংবা পরিচালনা পর্ষদের সদস্য ছাড়া শিক্ষানবিশসহ অন্য যেকোনো কর্মকর্তা-কর্মচারীর চাকরির বয়স নয় মাস হলেই কোম্পানির সুবিধাভোগী হবেন। যেসব প্রতিষ্ঠানে ন্যূনতম ১০০ জন শ্রমিক রয়েছে, সেসব প্রতিষ্ঠানে বিমা বাধ্যমূলক করার বিধান রাখা হয়েছে। শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে বিমার দাবি আদায় মালিকের দায়িত্ব হবে এবং ওই বিমা দাবি থেকে আদায় করা অর্থ পোষ্যদের সরাসরি দিতে হবে অথবা শ্রম আদালতে পাঠাতে হবে। বিলে ৯০ দিনের মধ্যে বিমা দাবি নিষ্পত্তির বিধানও রাখা হয়েছে।বিলে বলা হয়েছে, কোনো শ্রমিক বিনা নোটিশে ১০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে মালিক ওই শ্রমিককে ১০ দিনের সময় দিয়ে ব্যাখ্যা চেয়ে চাকরিতে পুনরায় যোগদানের নোটিশ দেবেন। শ্রমিক নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিয়ে চাকরিতে যোগ না দিলে মালিক লিখিত আদেশ দ্বারা অনুপস্থিতির দিন থেকে শ্রমিকের চাকরির অবসান ঘটাতে পারবেন। বিলে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানে পাঁচ হাজার বা এর বেশি শ্রমিক কাজ করেন, সেসব প্রতিষ্ঠানে স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার ব্যবস্থা রাখতে হবে। পেশাগত রোগে আক্রান্ত শ্রমিকদের সুস্থ হওয়ার আগ পর্যন্ত মালিকের দায়িত্বে চিকিত্সা করাতে হবে। এ ছাড়া ৫০০ বা তার বেশি শ্রমিক কাজ করে এমন প্রতিষ্ঠানে কল্যাণ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। প্রসূতি কল্যাণে বাধা দেওয়া মালিকের অর্থদণ্ড পাঁচ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। শ্রমিকের চাকরির মেয়াদ ১২ বছর হলে এক মাসের মজুরির সমান এবং ১২ বছরের বেশি হলে দেড় মাসের মজুরির সমান গ্র্যাচুইটি দিতে হবে। এ ছাড়া শ্রমিকদের বেতন-ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার বিধান রাখা হয়েছে। রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল করার বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অনুমোদিত কারখানা ভবনের নকশার সঙ্গে কারখানার মেশিন স্থাপনের নকশার কাঠামোগত কোনো ব্যত্যয় বা পরিবর্তন ঘটানো যাবে না। শ্রমিকেরা যে পরিবেশে কাজ করবে, সেই পরিবেশের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যেমন-বৈদ্যুতিক নিরাপত্তা, প্রতিবন্ধকতা ছাড়া বহির্গমন পথ ও সিঁড়ি নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।বিলের উদ্দেশ্য ও কারণ-সম্পর্কিত বিবৃতিতে বলা হয়েছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ২০০৬ সালের শ্রম আইনকে যুগোপযোগী করে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজীকরণ, মালিক ও শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা ইত্যাদি কারণে শ্রম আইন সংশোধন করা প্রয়োজন।