শ্রম মন্ত্রণালয়ের সাত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের জন্য দায়ী শ্রম মন্ত্রণালয়ের সাত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তৎকালীন উপপ্রধান পরিদর্শক (সাধারণ) আবদুস সামাদ ইতিমধ্যে অবসরে যাওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। শ্রম মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি রানা প্লাজা ধসের জন্য এই কর্মকর্তাদের দায়ী করে।এদিকে দায়িত্বে অবহেলার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শক ও শ্রম মন্ত্রণালয়ের তদন্ত কমিটির অন্যতম সদস্য হাবিবুল ইসলামকে তাঁর পদ থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিদপ্তরের প্রধান হওয়ায় তাঁর ওপরই সার্বিক দায়দায়িত্ব বর্তায় বলে মনে করে শ্রম মন্ত্রণালয়।সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের পরিদর্শক (প্রকৌশল) ইউসুফ আলী ও সহিদুল ইসলাম, টঙ্গীর শ্রম মন্ত্রণালয়ের প্রশিক্ষণকেন্দ্র (আইআরআই) প্রকল্পের পরিচালক বেলায়েত হোসেন, উপপ্রধান পরিদর্শক (সাধারণ) আমিনুল হক, দপ্তরের যুগ্ম শ্রম পরিচালক এম এ জামশেদুর রহমান, সহকারী পরিদর্শক শেখ আসাদুজ্জামান ও শ্রম পরিদর্শক মাহমুদুল হক।কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, দায়িত্বে অবহেলার কারণেই এই কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া একজনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।তদন্ত কমিটির প্রতিবেদনে এসব কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, ভবনধসের ঘটনার দিন সকালে বিদ্যুৎ চলে যাওয়ার পর সব জেনারেটর একসঙ্গে চালু হওয়ায় সৃষ্ট কম্পনের (ভাইব্রেশন) কারণে ফাটল ধরা ভবনটি ধসে পড়ে। তদন্তে প্রমাণিত হয়েছে, কেবল নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইল লিমিটেড কারখানার লে-আউট পরিকল্পনায় জেনারেটর কক্ষের নকশা ছিল। এ দুটি নকশা অনুমোদনের জন্য সুপারিশ করেছেন ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের পরিদর্শক (প্রকৌশল) ইউসুফ আলী ও সহিদুল ইসলাম। আর এটা অনুমোদন করেছেন তখনকার উপপ্রধান পরিদর্শক (সাধারণ) আবদুস সামাদ ও টঙ্গীর আইআরআই প্রকল্পের পরিচালক বেলায়েত হোসেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, এ ধরনের নকশা অনুমোদনের জন্য সুপারিশ করে ও অনুমোদন দিয়ে এই কর্মকর্তারা এত বড় দুর্ঘটনার ক্ষেত্র তৈরি করেছেন।প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৩ সালে পরিদর্শক সহিদুল ইসলাম ও উপপ্রধান পরিদর্শক (সাধারণ) আমিনুল হক কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বাণিজ্যিক ভবনে এ ধরনের কারখানার লাইসেন্স নবায়নও করেছেন। ভবনের চতুর্থ, পঞ্চম ও সপ্তম তলায় অবস্থিত কারখানাগুলোর লে-আউটে জেনারেটর স্থাপনের ব্যবস্থা ছিল না। তার পরও এসব তলায় জেনারেটর বসানো হয়।এই কর্মকর্তারা ২০০৬ সালের শ্রম আইনের ৬১, ৮৫, ৩১৯ ও ৩২৬ ধারা; ১৯৭৯ সালের বিধিমালার ৩, ৪, ৫ এবং ৩৮ ধারা অব্যাহতভাবে লঙ্ঘন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে তৃতীয় তলায় ফাটল ধরার বিষয়টি গুরুত্বসহকারে গণমাধ্যমে প্রচারিত হওয়ার পরও ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর ভবনের কারখানা বন্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বড় ধরনের অপরাধ করেছে।