শ্রমজীবী মানুষ দুঃসহ দিন পার করছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রতি মুহূর্তে কর্মহীন হওয়ার আতঙ্কে দেশের শ্রমজীবী মানুষ দুঃসহ দিন পার করছে। সরকারদলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি-টেন্ডারবাজির কারণে শত শত শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে। মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে খালেদা জিয়া এসব অভিযোগ করেন।খালেদা জিয়া তাঁর বাণীতে আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের দরজা বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে শ্রমিকেরা প্রচণ্ড কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছে। সচল রাখছেন অর্থনীতি। কিন্তু সরকারের কূটনৈতিক ব্যর্থতায় তারা খালি হাতে ফিরে আসছে।খালেদা জিয়া তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বলেন, তাঁদের সরকারের মতো করে কাজ করলে শ্রমিকদের অনেক সমস্যা দূর হতো। কিন্তু সরকার সেদিকে নজর না দিয়ে ট্রেড ইউনিয়ন দখল, বিরোধী দল সমর্থকদের চাকরিচ্যুত ও হয়রানিমূলক বদলি করছে। খালেদা জিয়া দেশের সব শ্রমজীবী মানুষ ও মে দিবসে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।