শ্রমজীবীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দেশের শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শ্রমিকদের সার্বিক কল্যাণ এবং ন্যায়সংগত অধিকার সংরক্ষণ ও নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে শ্রমিকদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৬০ বছরে উন্নীত করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বন্ধ দুটি পাটকল চালু করা হয়েছে। অবশিষ্ট বন্ধ মিল-কারখানাও চালু করা হবে।মহান মে দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে আজ শনিবার প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী করা হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশ এ পর্যন্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার আটটি কোর কনভেনশনসহ ৩৩টি গুরুত্বপূর্ণ কনভেনশন অনুসমর্থন করেছে। দেশের সার্বিক উন্নয়নে মহান মে দিবসের আদর্শ সমুন্নত রেখে শ্রমিক-মালিক সুসম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার আদায়ের দাবিতে আমেরিকার শিকাগো শহরে ১৮৮৬ সালে যে সকল শ্রমিক আত্মাহুতি দিয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাসস।