শ্রমবাজারে ধস নামেনি: শ্রমমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমবাজারে ধস নামেনি বলে দাবি করেছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘প্রায়ই গণমাধ্যমে বলা হয় শ্রমবাজারে ধস নেমেছে। পত্রিকাগুলো লাল হরফে বড় করে এসব খবর লিখে। বাস্তবে শ্রমবাজারে ধস নামেনি। বরং বিএনপির পাঁচ বছরে যত শ্রমিক বাইরে গিয়েছিল এ সরকারের গত পৌনে তিন বছরেই তার চেয়ে বেশি লোক বাইরে গেছে।’আজ মঙ্গলবার সচিবালয়ে প্রবাসীকল্যাণে মন্ত্রণালয়ের ভূমিকা ও অর্জন বিষয়ে একটি বইয়ের প্রকাশনা করে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, ২০০৭ সালে আট লাখ ৩২ হাজার ৬০৯ জন এবং ২০০৮ সালে আট লাখ ৭৫ হাজার ৫৫ জন শ্রমিক বিদেশ গিয়েছিল। ২০০৯ সালে এসে এ সংখ্যা দাঁড়ায় চার লাখ ৭৫ হাজার ২৭৮ জনে, ২০১০ সালে তিন লাখ ৯০ হাজার ৭০২ এবং ২০১১ সালের অক্টোবরে চার লাখ ৫৯ হাজার ৬০ জনে। মন্ত্রীর দাবি, ২০০৭ ও ২০০৮ সালে অধিক সংখ্যক লোক বিদেশ গিয়েছিল। সৌদি আরব ও মালয়েশিয়ায় অতিরিক্ত লোক যাওয়ার কারণে তখন সংখ্যা বেড়েছিল। তবে খুব শিগগিরই এ সংখ্যা আবার আট লাখ হওয়ার সুযোগ নেই।মন্ত্রী জানান, ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত ৮০ লাখ লোক বিদেশ গেছে। সব মিলিয়ে এক কোটি বাংলাদেশি বিদেশে আছে। আত্মীয়-স্বজন যুক্ত করলে আরও পাঁচ থেকে ছয় কোটি লোক এ খাতের সঙ্গে যুক্ত। এটিই সবচেয়ে বড় খাত। বাংলাদেশের শ্রমবাজার এখন যে অবস্থায় আছে অতীতে কখনোই এত ভালো অবস্থায় ছিল না বলে তিনি মন্তব্য করেন। তিনি স্বীকার করেন, তবে সৌদি আরব ও মালয়েশিয়ায় লোক যাওয়া বন্ধ আছে। এ দুই দেশে আবার জনশক্তি রপ্তানি শুরু হলে শ্রমবাজার আরও বড় হবে। অনুষ্ঠানে প্রবাসীকল্যাণসচিব জাফর আহমদ খান বলেন, ‘জিডিপিতে কৃষি খাতের অবদান ২০ ভাগ আর প্রবাসীদের অবদান ১৩ ভাগ। আমরা মনে করি, কৃষি খাতের পরই এ খাতের অবদান সবচেয়ে বেশি।’অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী, যুগ্ম সচিব শামসুন নাহারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।