শ্রমবান্ধব হয়নি শ্রম আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশোধনের পরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শ্রম আইন শ্রমবান্ধব হয়ে ওঠেনি বলে মনে করছেন শ্রমিকনেতাসহ শ্রমিকস্বার্থ সংরক্ষণে কাজ করা ব্যক্তিরা। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ করার ক্ষেত্রে একটি ছাড়া বিদ্যমান নীতি ও শর্তগুলো শিথিল করা হয়নি। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ট্রেড ইউনিয়নের বিধান রাখা হয়নি। প্রতিষ্ঠানের ৫ শতাংশ মুনাফা শ্রমিকদের মধ্যে বণ্টনে নতুন করে জটিলতা সৃষ্টি করা হয়েছে। দুর্ঘটনার জন্য মালিকপক্ষের শাস্তি বৃদ্ধি কিংবা কারখানা পরিদর্শকদের জবাবদিহির জায়গাটি পরিষ্কার হয়নি। জাতীয় সংসদে গত সোমবার আলোচিত বাংলাদেশ শ্রম আইন (সংশোধন), ২০১৩ পাস হয়েছে। আইনে শ্রমিকদের বেশির ভাগ দাবি বাস্তবায়িত না হওয়ায় শ্রমিকনেতারা ক্ষুব্ধ। তাঁরা বলছেন, পৃথিবীর সব শ্রম আইনে সংশোধনী আনা হয় শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য। অথচ সংশোধনীতে সুযোগ-সুবিধা কমানো হয়েছে। তবে শ্রম আইনে জাহাজনির্মাণ, জাহাজভাঙা, ওয়েল্ডিং, মোবাইল অপারেটর কোম্পানি, বেসরকারি রেডিও, টেলিভিশন, হাসপাতালসহ কৃষিশ্রমিকদের অন্তর্ভুক্ত করাকে ইতিবাচক বলছেন শ্রমিকনেতারা। আইনের সংশোধনে মালিকপক্ষ খুশি। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ইতিমধ্যে বিলটি পাস হওয়ায় স্বাগত জানিয়েছে। সমিতি বলেছে, এটি বর্তমান সরকারের একটি সময়োচিত পদক্ষেপ। সমিতি আশা করে, আইনের সুযোগ-সুবিধা গ্রহণ করে শ্রমিকেরা শিল্পকে এগিয়ে যেতে সহায়তা করবেন। ট্রেড ইউনিয়ন নিয়ে জটিলতা: বিদ্যমান (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬) আইনের ১৭৮ ধারা, ৩ উপধারা অনুযায়ী, ট্রেড ইউনিয়ন গঠনের সময় শ্রমিকদের নামের তালিকা মালিকদের দিতে হতো। তালিকা ধরেই মালিকেরা শ্রমিকদের ছাঁটাই করতেন। সংশোধনীতে এ ধারা বাদ দেওয়ার বিষয়টি প্রশংসনীয় হলেও আইনের ১৭৯ ধারায় একটি নতুন উপধারা যোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, শ্রম পরিচালক বা সংশ্লিষ্ট কর্মকর্তা সরেজমিন প্রতিষ্ঠান পরিদর্শন করে ট্রেড ইউনিয়নের আবেদনের যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়ার বিষয়টির সঠিকতা নির্ধারণ করবেন। নতুন এ নিয়মের সমালোচনা করে শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, এতে শ্রম পরিচালকদের ঘুষ নেওয়ার প্রবণতা বাড়বে। মালিকপক্ষের দ্বারাও তিনি প্রভাবিত হতে পারেন। শ্রমিকেরা নতুন করে ঝামেলায় পড়তে পারেন।ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে আরেকটি বড় বাধা রেখে দেওয়া হয়েছে। আইনের ১৭৯ ধারায় বলা আছে, কোনো প্রতিষ্ঠানে নিযুক্ত মোট শ্রমিক সংখ্যার ন্যূনতম ৩০ শতাংশ সদস্য ট্রেড ইউনিয়নের সদস্য না হলে নিবন্ধন পাওয়ার যোগ্য হবে না। বিভিন্ন শ্রমিক সংগঠন এ সংখ্যা ১০ শতাংশ করার সুপারিশ করেছিল। কারণ, বিভিন্ন পোশাকশিল্প কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করেন। তাঁদের ৩০ শতাংশকে ইউনিয়নের সদস্য করা প্রায় অসাধ্য।এদিকে বিদ্যমান আইনের ২০৫ ধারায় নতুন উপধারা যোগ করে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করার আগ পর্যন্ত সেখানে ‘অংশগ্রহণকারী কমিটি’ গঠিত হবে। এ কমিটির শ্রমিক প্রতিনিধিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করবেন। এ বিষয়ে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়মনীতির কোথাও অংশগ্রহণকারী কমিটির উল্লেখ নেই। কারণ, এ ধরনের কমিটিতে মালিকের মনোনীত ব্যক্তিরাই স্থান পান। তাতে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার চর্চার কোনো সুযোগ থাকে না। মুনাফার অংশ থেকে বঞ্চিত: বিদ্যমান আইনে প্রতিষ্ঠানের মোট মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের জন্য বরাদ্দ দেওয়ার বিধান ছিল। এ ৫ শতাংশের ৮০ শতাংশ সরাসরি প্রতিষ্ঠানের শ্রমিকদের ও ২০ শতাংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিতেন মালিকপক্ষ। সংশোধিত আইনে এ মুনাফা থেকে শ্রমিকেরা বঞ্চিত হতে পারেন। কারণ, প্রতিষ্ঠানের সুবিধাভোগীদের (মালিক ছাড়া সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক) মধ্যে ওই ৮০ শতাংশ বরাদ্দ করার কথা বলা আছে। সংশোধনীতে আরও বলা হয়েছে, শ্রমিক কল্যাণ তহবিলে ১০ শতাংশ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১০ শতাংশ দিতে হবে। তবে নতুন করে শতভাগ রপ্তানিমুখী শিল্প ও শতভাগ বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী প্রতিষ্ঠানে ওই ৫ শতাংশ দিয়ে সরকার, ক্রেতা ও মালিকের সমন্বয়ে একটি তহবিল গঠনের একটি সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, এখানে আইনে বড় ধরনের ফাঁক আছে। সুবিধাভোগী শব্দ দিয়ে শ্রমিকের সংজ্ঞা পরিবর্তন করে ফেলা হয়েছে। ফলে সবাই তাঁদের মূল বেতন অনুযায়ী এ অর্থ পাবেন। তাতে কর্মকর্তারা বেশি টাকা পাবেন। অসদাচরণ প্রসঙ্গ: অসদাচরণের কারণে মালিকপক্ষ শ্রমিকদের বরখাস্ত করতে পারবে এবং এ জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। বিদ্যমান আইনের ২৩ ধারা সংশোধন করে এমন উপধারাই যোগ করা হয়েছে। এতে শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হবেন, মালিকেরা সুযোগ নেবেন—এমন আশঙ্কা প্রকাশ করে গত মাসে গণশুনানিতে শ্রমিক সংগঠনগুলো আপত্তি জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি রয়েই গেছে। নতুন আইন অনুযায়ী, মালিকের ব্যবসা বা সম্পত্তি চুরি, আত্মসাৎ, প্রতারণা বা অসাধুতা এবং প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলা বা দাঙ্গা বা হাঙ্গামামূলক আচরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর বা অন্যের কাজে বাধা দিলে অসদাচরণ বলে গণ্য হবে। শ্রমিকনেতাদের অভিযোগ, পোশাক খাতে প্রায়ই বিভিন্ন দাবিতে শ্রমিকেরা আন্দোলন-সংগ্রাম করেন। আর তাঁদের দমিয়ে রাখতেই অসদাচরণের বিষয়টি রাখা হয়েছে। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রম আইন সংশোধন সমগ্র দেশের শিল্প-কারখানার শ্রমিকদের জন্য দরকার। কিন্তু তৈরি পোশাকশিল্পকে ভিত্তি করে এটি করা হয়েছে। আর পোশাকশিল্পের মালিকেরা অনেক ক্ষমতাধর। ক্ষমতাবলে তাঁরা সব সুযোগ-সুবিধা নিয়ে গেছেন। ফলে সংশোধিত শ্রম আইন দিয়ে শ্রমিকদের উন্নয়নের জন্য নয়, বরং মালিকদের কল্যাণই বেশি হবে। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হলো না: বহু দিন ধরেই মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি করেছিল শ্রমিক সংগঠনগুলো। তবে শেষ পর্যন্ত সংশোধিত আইনে আগের মতোই চার মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন নারী শ্রমিকেরা। ছুটি ভোগের পর কাজে যোগ দিলে দুই মাসের মূল বেতন ইনসেনটিভ হিসেবে পাবেন। তবে আইনে প্রসূতিকল্যাণে বাধা দেওয়া মালিকের অর্থদণ্ড পাঁচ থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।গ্র্যাচুইটি নিয়ে সমস্যা: সংশোধিত আইন অনুযায়ী, চাকরি শেষে অনধিক আট বছরের চাকরির জন্য শ্রমিকেরা গ্র্যাচুইটি হিসেবে প্রতিবছরের জন্য ৩০ দিনের মজুরি পাবেন। আর আট বছরের বেশি হলে ৪৫ দিনের মজুরি পাবেন। এটি ইতিবাচক হলেও প্রতিটি প্রতিষ্ঠানকে গ্র্যাচুইটি দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়নি। আর এ কারণেই শ্রমিকেরা এ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন—এমন আশঙ্কা থেকে যায়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন: তাজরীন ও রানা প্লাজার ঘটনার পর কারখানার নিরাপত্তা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। সংশোধিত আইনেও এ বিষয়ে কিছু ইতিবাচক পদক্ষেপ আছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের দায়বদ্ধতা বা তাঁদের শাস্তি বৃদ্ধি কিংবা কারখানা পরিদর্শন পরিদপ্তরের জবাবদিহির বিষয়ে কিছু করা হয়নি।সংশোধনীতে বলা হয়েছে, অনুমোদিত কারখানা ভবনের নকশার সঙ্গে কারখানার মেশিন স্থাপনের নকশার কাঠামোগত কোনো পরিবর্তন ঘটানো যাবে না। কাজ চলার সময় প্রতিষ্ঠানের বাইরে যাওয়ার কোনো দরজা বন্ধ বা বাধাগ্রস্ত করা যাবে না। ন্যূনতম ১০০ জন শ্রমিক থাকলে বিমা বাধ্যতামূলক। শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে বিমাদাবি আদায় মালিকের দায়িত্ব হবে এবং মালিক ওই বিমাদাবি থেকে আদায় করা অর্থ পোষ্যদের সরাসরি দেবেন অথবা শ্রম আদালতে পাঠাবেন।এ ছাড়া কোম্পানিতে শ্রমিকের চাকরির মেয়াদ নয় মাস হলেই সেই শ্রমিক প্রতিষ্ঠানের সুবিধাভোগী হিসেবে বিবেচিত হবেন। শিল্পপ্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের জন্য গ্রুপ বিমা থাকবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানে পাঁচ হাজার বা তার বেশি শ্রমিক কাজ করেন, সেখানে স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র থাকতে হবে। পেশাগত রোগে আক্রান্ত শ্রমিকদের সুস্থ হওয়ার আগ পর্যন্ত মালিকের দায়িত্বে চিকিৎসা করতে হবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানে ৫০০ বা তার বেশি শ্রমিক কাজ করেন, সেখানে প্রতিষ্ঠান কল্যাণ কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে।সামগ্রিক আইন নিয়ে বিলেসর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, মৌলিক কোনো অগ্রগতি হয়নি। আইনে সব শ্রমিককে সুরক্ষা দেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে পেছনের দিকেই হেঁটেছে সরকার।সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান বলেন, সংশোধনীতে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। শ্রমিকদের বিষয় অনেকটাই উপেক্ষিত থাকায় উন্নত কর্মপরিবেশ বা জিএসপি নিয়ে জটিলতাও থেকে যাবে।