শ্রমমন্ত্রীকে সাড়ে তিন ভরি ওজনের সোনার চাবি উপহার
নাগরিক সংবর্ধনায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে সাড়ে তিন ভরি ওজনের সোনার চাবি উপহার দিয়েছেন ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী। বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভা চত্বরে শ্রমমন্ত্রীর হাতে সোনার চাবি তুলে দেওয়ার পর ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘চাবি হাতে তুলে দেওয়া মানে পৌরসভার সব দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া। এ পৌরসভাকে সুন্দর করে গড়ে তোলাসহ যাবতীয় দায়-দায়িত্ব এখন আপনার।’জবাবে শ্রমমন্ত্রী বলেন, ‘এ সংবর্ধনা পেয়ে আমি উদ্বেলিত। চাবি ও মালা দিয়ে আমাকে যেভাবে সংবর্ধনা জানালেন এর ভার যেন আমি বইতে পারি।’ পৌরসভা সূত্রে জানা গেছে, শ্রমমন্ত্রীকে নাগরিক সংবর্ধনায় পাঁচ ইঞ্চি লম্বা সাড়ে তিন ভরি ওজনের যে সোনার চাবি দেওয়া হয়েছে সেটি তৈরি করেছেন শহরের নিলটুলী এলাকার ‘ফেন্সি জুয়েলার্স’। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুন্শী হারুন অর রশিদ প্রমুখ।