শ্রমমন্ত্রীর হুঁশিয়ারি
ফরিদপুরের ব্যাপারে কাউকে নাক না গলানোর পরামর্শ দিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ফরিদপুরের ব্যাপারে আশপাশের কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। আমি কারও এলাকায় গিয়ে অনধিকার চর্চা করি না। আমি চাই আমার এলাকায় এসে কেউ অনধিকার চর্চা না করুক। আমার এলাকায় কেউ পচা নাক গলাতে এলে তার নাকের হাড্ডি ভেঙে দেওয়া হবে।’ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে গতকাল শনিবার সকালে বিনা মূল্যে সিএফএল বাল্ব বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং দুপুরে সদরের কানাইপুর বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চবিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে শ্রমমন্ত্রী এ কথা বলেন।ফরিদপুরের আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে শ্রমমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান দুটি অংশের নেতৃত্ব দিয়ে আসছিলেন। গত ফেব্রুয়ারি মাসে হাসিবুল হাসানের মৃত্যু হলে এ অংশের অনুসারীরা ফরিদপুর-১ (নগরকান্দা ও সালথা) আসনের সাংসদ ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে তাঁদের নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তবে শ্রমমন্ত্রী গতকালের বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি। ‘আমার মন্ত্রিত্ব যাতে না থাকে এ জন্য ঢাকায় গিয়ে দরবার করা হচ্ছে’ উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, ‘মন্ত্রিত্ব নিয়ে আমি মাথা ঘামাই না। ফরিদপুরে কোনো অবস্থাতেই সন্ত্রাসী কোনো কাজ হতে দেব না।’ ‘আমাকে খুন করা হলে আমি শহীদের মর্যাদা পাব’ মন্তব্য করে শ্রমমন্ত্রী বলেন, ‘শরীরের সমস্ত রক্ত ঢেলে দেওয়া লাগলেও সন্ত্রাসীদের সঙ্গে কোনো অবস্থায় আপস করব না।’খন্দকার মোশাররফ বলেন, ‘আমার বাবা নুরু মিয়া ১৯৭১ সালে একটি লাল গাড়িতে করে ফরিদপুরের ১১টি ইউনিয়ন চষে বেড়িয়েছেন। মানুষকে রক্ষা করার চেষ্টা করেছেন। অথচ আজ প্রকৃত যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য দলের ভেতরের চিহ্নিত একটি মহল আমার বাবার কর্মকাণ্ড সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে, নিরীহ মানুষকে যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করছে। অথচ দেশের দুই নম্বর যুদ্ধাপরাধীর বাড়িতে গিয়ে এরা অনুষ্ঠান করে, তার বিচার করা সম্পর্কে একটি কথাও বলেন না।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির, পরিচালক মাহবুব সরোয়ার কায়ানত, পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির প্রমুখ।