শ্রমমানের উন্নয়নে ইইউ বাংলাদেশের পাশে থাকবে
তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমমানের উন্নতিতে বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় ইইউ দূতাবাস গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইইউর বাণিজ্য কমিশনার ৮ জুলাই জেনেভায় এক বৈঠক ডেকেছেন। বৈঠকে বাংলাদেশের জ্যেষ্ঠ পর্যায়ের প্রতিনিধিত্বের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন। ওই বৈঠকে বিজিএমইএ, শীর্ষস্থানীয় ক্রেতা ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশের শ্রমিক অধিকার, কর্মপরিবেশে স্বাস্থ্য ও নিরাপত্তা এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের বিষয়ে ওই বৈঠকে আলোচনা করা হবে।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) স্থগিত হওয়ার দুই দিন পর ইইউর বাণিজ্য কমিশনার ক্যারল দ্য গুশে এ অভিমত জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশ জিএসপি সুবিধা পায়। অস্ত্র ছাড়া সবকিছু (এভরিথিং বাট আর্মস বা ইবিএ) কর্মসূচির আওতায় বাংলাদেশের সব পণ্য ইইউর জিএসপি সুবিধা পেয়ে থাকে। ফলে তৈরি পোশাক খাত ইইউভুক্ত দেশগুলোতে এ সুবিধা ভোগ করে।বাংলাদেশের তৈরি পোশাক কারখানার সাম্প্রতিক বিপর্যয়ের পর ইইউর বাণিজ্য কমিশনার ক্যারল দ্য গুশে গত ২৮ মে ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের জনগণের দুর্দশা কমাতে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে ওই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে দুই পক্ষই সম্মত হয় যে সমস্যা সমাধানের প্রক্রিয়ায় সরবরাহ চক্রের সব পক্ষ এবং বহুপক্ষীয় স্তরে আন্তর্জাতিক সমর্থনের মধ্য দিয়ে সবচেয়ে দক্ষতার সঙ্গে ও সমন্বিত উপায়ে যুক্ত হওয়ার মধ্যেই সমস্যার স্থায়ী সমাধান নিহিত রয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইইউর লক্ষ্য হচ্ছে মানবাধিকার সমুন্নত রাখা, যার অন্তর্নিহিত অংশ হচ্ছে মৌলিক শ্রমমান জোরালোভাবে সমর্থন করা। তাই আইএলওর প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করছে ইইউ। এ ছাড়া বৈষম্যমূলক আচরণ দূর করার ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অঙ্গীকারের প্রতি ইইউর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। অস্ত্র ছাড়া সবকিছু (এভরিথিং বাট আর্মস বা ইবিএ) কর্মসূচির আওতায় বাংলাদেশের সব পণ্য ইইউর জিএসপি পেয়ে থাকে। এর মানে, বাংলাদেশের জন্য ইইউর জিএসপি প্রত্যাহারের সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে। কারণ এ সিদ্ধান্ত ব্যাপকভাবে কর্মসংস্থান ও দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে।ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশের পাশে থাকতে চায় ইইউ। কারণ, এ সুবিধা বছরের পর বছর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক সহযোগিতা করে আসছে। বাংলাদেশের শ্রমমানের উন্নয়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌথ উদ্যোগ আইএলও এ বছর এবং ২০১৪ সালের পুরো সময়জুড়ে পর্যবেক্ষণ করবে। ইইউ এ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।আন্তমন্ত্রণালয় সভা: এদিকে তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার ও বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা গেছে, ৮ জুলাই জেনেভায় বাংলাদেশের শ্রমমান নিয়ে অনুষ্ঠেয় সভার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে জিএসপি স্থগিতের পর শ্রমমানের উন্নয়নে সরকার কী করবে, তা নিয়ে প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ নেই। বরং ভবিষ্যতে সুনির্দিষ্ট সময়ের নিরিখে কী করা হবে, জেনেভার মতো বৈঠকে তা স্পষ্ট করে বলতে হবে বলে বৈঠকে মত দেওয়া হয়েছে।বৈঠকের পর মিকাইল শিপার সাংবাদিকদের বলেন, জেনেভার সভা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আসন্ন ওই সভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় ত্রিপক্ষীয় যৌথ ঘোষণার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। শ্রমমানের উন্নতিতে বাংলাদেশ কার্যকার কী পদক্ষেপ নিয়েছে, তা ওই বৈঠকে জানাতে হবে।শ্রমসচিব বলেন, ‘ত্রিপক্ষীয় যৌথ ঘোষণা অনুযায়ী কারখানার শ্রমমান যাচাই করে দেখতে এ বছরের মধ্যে আমাদের কারখানা পরিদর্শক নিয়োগের কথা রয়েছে। এ লক্ষ্যে পদ সৃষ্টির জন্য আমরা জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি।’ তিনি জানান, স্বাস্থ্য ও নিরাপত্তার দিক থেকে পোশাক কারখানার পরিবেশ কতটা মানসম্মত, সে লক্ষ্যে আইএলও বাংলাদেশকে সহযোগিতা দেবে। এ প্রক্রিয়ায় কারখানার পরিবেশ কতটা নিরাপদ ও শ্রমমানের উপযোগী, তা খতিয়ে দেখতে সরকার বুয়েটকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।