শ্রমিক অসন্তোষে উত্তাল আশুলিয়া
বেতন বাড়ানোর দাবিতে ঢাকার অদূরে আশুলিয়ার পোশাক-কারাখানায় শ্রমিক অসন্তোষ তীব্র হয়ে উঠেছে। গতকালের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও শ্রমিকেরা একই দাবিতে কাজ বন্ধ রেখে মিছিল, বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেন।একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করলে দফায় দফায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকেরা জানান, বেতন বাড়ানোর দাবিতে গতকাল থেকে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে। আজ সকালে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় হা-মীম গ্রুপের আর্টিস্টিক ডিজাইন নামের তৈরি পোশাক-কারখানার শ্রমিকেরা কাজে গিয়ে দেখতে পান প্রতিষ্ঠানটির মূল ফটকে তালা ঝুলছে। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা শুরু করে পুলিশ। সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এতে অন্তত ৫০ জন আহত হন।এর পর শ্রমিক অসন্তোষ বাইপাইল, ইউনিক, জামগড়া, নরসিংহপুর, নিশ্চিতপুর, জিরাব, জিরানী এলাকায় ছড়িয়ে পড়ে।ক্ষুব্ধ শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে রেখেছে। দেড় শতাধিক গাড়ি ভাঙচুর করেছেন তাঁরা।শ্রমিকদের অভিযোগ, সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল, মালিকপক্ষ তা বাস্তবায়িত না করে কম বেতন দিচ্ছে। এর প্রতিবাদে তাঁরা আন্দোলন করছেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষ চলছে। এর বেশি কিছু প্রাথমিকভাবে তিনি জানাতে পারেননি।