শ্রমিক অসন্তোষে সাভারে এক কারখানা বন্ধ
ঢাকার অদূরে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) হেলিকন বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরা আজ রোববার সকালে কর্মস্থলে গেলে পুলিশ ও ডিইপিজেডে কর্মরত আনসার সদস্যরা তাঁদের ভেতরে ঢুকতে দেয়নি। কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, ডলারের বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতনের দাবিতে গতকাল শনিবার সকালে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। ডিইপিজেড, কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের কর্মকর্তারা শ্রমিকদের নিয়ে বৈঠক করে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। পরে গতকাল দুপুর দুইটার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানা কর্তৃপক্ষ রাতে সিদ্ধান্ত নিয়ে কারখানা অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টানিয়ে দেয়। শিল্প পুলিশ আশুলিয়া জোনের সহকারী পুলিশ সুপার ফসিউর রহমান হেলিকন বিডি লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।