শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ায় তিনটি কারখানায় ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষের কারণে আজ শনিবার সকালে ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় এনভয় গ্রুপের তিনটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনভয় গ্রুপের এনভয় ফ্যাশন, এনভয় ডিজাইন ও মান্তা অ্যাপারেলস নামে তিনটি পোশাক কারখানার প্রায় আট হাজার শ্রমিক বেশ কিছু দিন ধরে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজে যোগ দিয়ে ন্যূনতম পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের দাবিতে সকাল সোয়া নয়টা থেকে একযোগে কাজ বন্ধ করেন। কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে আজ কারখানা তিনটিতে ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর কোনো বিক্ষোভ না করেই আজ সকাল ১০টার দিকে শ্রমিকেরা বাড়ি চলে যান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের কারণে কারখানা তিনটিতে ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।