শ্রমিক অসন্তোষের জন্য ২ পোশাক কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষের কারণে আজ রোববার ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) দাদা সাভার নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য এবং একই কারণে আশুলিয়ার জামগড়া এলাকার ইসলাম অ্যান্ড কারিন ফ্যাশান কারখানা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আশুলিয়া থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দাদা সাভারের দুজন শ্রমিকনেতাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের কারণে কর্তৃপক্ষ গতকাল বেলা দুইটায় কারখানা ছুটি ঘোষণা করে। এর কয়েক ঘণ্টা পর কর্তৃপক্ষ কারখানার মূল ফটকে অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। আজ সকাল সাতটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ গিয়ে তাঁদের শান্ত করে বাড়ি পাঠায়। বেপজার মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর শ্রমিক বিক্ষোভের কারণে দাদা সাভার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন। আশুলিয়ার জামগড়া এলাকার ইসলাম অ্যান্ড কারিন ফ্যাশান নামের পোশাক কারখানাটি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শ্রমিকেরা গত মাসের বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। শ্রমিক বিক্ষোভের কারণে কর্তৃপক্ষ আজ রোববার থেকে তিন দিনের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে। পুলিশ জানায়, গতকাল শ্রমিকেরা কর্মস্থলে এসে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ পেয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ডিইপিজেড ও জামগড়া এলাকার দুটি কারখানা বন্ধ ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন।