শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় পোশাক-কারখানায় ছুটি
শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় মেডলার অ্যাপারেল লিমিটেড নামের একটি তৈরি পোশাক-কারখানা আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ওই কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক আছেন। এঁদের মধ্যে ইস্ত্রি শাখায় (আয়রন সেকশন) কর্মরত শ্রমিকের সংখ্যা দুই শতাধিক। তাঁরা কাপড়প্রতি ইস্ত্রির জন্য একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পান। তাঁদের সাধারণত ৮০টি কাপড় ইস্ত্রির জন্য দেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা দিনে ১০০টি করে কাপড় ইস্ত্রি করলে এতে আয় বাড়বে বলে তাঁরা মনে করেন।এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে তাঁরা দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি মেনে না নেওয়ায় গতকাল শ্রমিকেরা কারখানার মহাব্যবস্থাপক (জিএম) শহীদুল ইসলামকে লাঞ্ছিত করেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে গতকাল কারখানা ছুটি দেওয়া হয়।আজ সকাল আটটার দিকে কর্মস্থলে যাওয়ার পর শ্রমিকেরা জানতে পারেন, কর্তৃপক্ষ ইস্ত্রি শাখার ১৪০ জন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন। সকাল ১০টার দিকে উত্তেজিত শ্রমিকেরা কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক গনি আলম ও মহাব্যবস্থাপক শহীদুল ইসলামকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়। সোয়া ১০টার দিকে কর্তৃপক্ষ পুরো কারখানা ছুটির ঘোষণা দেয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি শান্ত আছে।