শ্রমিক আন্দোলন পরিস্থিতির তেমন উন্নতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্ডানে বেতন বাড়ানোর দাবিতে এশীয় শ্রমিকদের আন্দোলন পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দেশটির পোশাকশিল্পের মালিকেরা বলছেন, শ্রমিকদের বিক্ষোভ শিল্প খাতটিকে ধ্বংস করবে। কাজেই ‘যেকোনো মূল্যে’ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাঁরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারীরাও অনড়। বেতন বাড়ানো না হলে তাঁরা আন্দোলন থেকে সরে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। অন্য কয়েকটি দেশের শ্রমিকদের সঙ্গে আন্দোলনরত বাংলাদেশি শ্রমিকেরা প্রথম আলোকে গতকাল শুক্রবার জানিয়েছেন, পুলিশ এখন নানাভাবে শ্রমিকদের হয়রানি করছে। গত দুই দিনে আন্দোলনরত ২২ বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রবাসী এসব কর্মীর অভিযোগ, পুলিশ বিভিন্ন কারখানায় গিয়ে বিক্ষোভকারীদের খুঁজছে। অনেকের ওপর হামলা হয়েছে।বেতন বাড়িয়ে ১১০ জর্ডানি দিনার (১১ হাজার টাকা) থেকে ১৫০ দিনার করার দাবিতে জর্ডানে কর্মরত কয়েকটি এশীয় দেশের প্রায় ১০ হাজার শ্রমিক বিক্ষোভ করছেন। এর মধ্যে অন্তত দুই হাজার বাংলাদেশি। রাজধানী আম্মানের কিছু দূরে সাহাব শিল্পাঞ্চলের এক পোশাক কারখানায় ২০ দিন আগে এ বিক্ষোভ শুরু হয়ে ক্রমশ ছড়িয়ে পড়ে। জর্ডান থেকে পটুয়াখালীর জলিলুর রহমান, পাবনার আলতাফ হোসেন, কুমিল্লার আফসারুল ইসলাম, বরিশালের আবদুল হাইসহ আরও কয়েকজন গতকালও মুঠোফোনে প্রথম আলোকে তাঁদের পরিস্থিতি জানান। তাঁরা জানান, শুক্রবার সেখানে কারফিউয়ের মতো পরিস্থিতি ছিল। কেউ এখন ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না। শ্রমিকেরা দ্রুত তাঁদের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ দূতাবাসকে উদ্যোগ নিতে বলেছেন। জর্ডানের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব তৌফিক ইসলাম শাতিল গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, জর্ডানের শ্রম আইন অনুযায়ী স্থানীয় শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ১৫০ দিনার এবং বিদেশিদের ১১০ দিনার। বিদেশি শ্রমিকেরাও এখন ১৫০ দিনারের দাবিতে আন্দোলন করছেন। তৌফিক ইসলাম জানান, দূতাবাস কারখানার মালিকদের সমস্যা সমাধানের অনুরোধ জানালে কয়েকটি কোম্পানির মালিক বেতন ১৫ দিনার বাড়িয়ে ১২৫ দিনার করতে রাজি হয়েছেন। কিন্তু আন্দোলনরত শ্রমিকেরা তা না মেনে একবারেই ১৫০ দিনার করার দাবি জানাচ্ছেন। তৌফিক ইসলাম বলেন, দূতাবাস জর্ডানের শ্রম মন্ত্রণালয়, মালিক পক্ষ এবং শ্রমিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। জর্ডান সরকার বলছে, তারা একটি উন্নয়নশীল দেশ এবং এ জন্য হঠাত্ করে সবার মজুরি বাড়ানো কঠিন। এ ছাড়া আন্দোলনরত শ্রমিকদের মধ্যে অন্তত ২০০ জনের চাকরির চুক্তি শেষ হয়ে গেছে। প্রথমদিকে কোম্পানি তাঁদের চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হলেও ধর্মঘটের কারণে এখন দেশে ফেরত পাঠিয়ে দিতে চাইছে। তবে সমস্যা সমাধানের জন্য দূতাবাস সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘দূতাবাসের মাধ্যমে জর্ডানের বাংলাদেশি শ্রমিকদের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে প্রবাসী শ্রমিকদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’ জর্ডানের ইংরেজি দৈনিক জর্ডান টাইমস-এ গতকাল এ বিষয়ে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি একেবারেই অযৌক্তিক। পত্রিকাটিকে একটি পোশাক কারখানার মালিক বলেছেন, এভাবে কাজ বন্ধ করে তাঁরা থাকতে পারেন না।জর্ডানের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন জেজিএটিইর চেয়ারম্যান মোহাম্মদ খরুমা জর্ডান টাইমসকে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সব জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়বে এবং দেশটির পোশাকশিল্প ধ্বংস হয়ে যাবে। তিনি জর্ডানের পোশাকশিল্পকে বাঁচাতে বিদেশিদের বদলে দেশি শ্রমিকদের এই খাতে বেশি করে যোগ দেওয়ার আহ্বান জানান। জর্ডানের পোশাক শ্রমিকদের ইউনিয়ন জর্ডান ট্রেড ইউনিয়ন অব ওয়ার্কার্স ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের সভাপতি ফাতাল্লাহ ইমরনানি টাইমস পত্রিকাকে বলেছেন, ‘শ্রমিকদের উচিত ছিল বিক্ষোভে নামার আগে ইউনিয়নের সাহায্য নেওয়া। তবে ঘটনা যা-ই হোক, এখন সমস্যা সমাধানের চেষ্টা চলছে যাতে মালিক ও শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষা হয়।’