শ্রমিক কল্যাণে চাঁদা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে অবৈধভাবে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা হিসেবে আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে ওই অটোরিকশাকে আটক করে হয়রানিরও অভিযোগ পাওয়া গেছে। অটোরিকশাচালকদের অভিযোগ থেকে জানা গেছে, প্রতিটি অটোরিকশা থেকে অটোরিকশা শ্রমিকেরা বাধ্যতামূলকভাবে রাস্তার বিভিন্ন স্থানে ৬০ থেকে ৮০ টাকা করে চাঁদা আদায় করছে। সিরাজগঞ্জ-এনায়েতপুর রুটে চলাচলকারী অটোরিকশা থেকে কর্ড্ডার মোড়, সমেসপুর, বেলকুচি, এনায়েতপুর—এসব স্থানে ৬০ টাকা, সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর-উল্লাপাড়া রুটে চলাচলকারী অটোরিকশা থেকে বিসিক মোড়, নলকা, সিরাজগঞ্জ রোড, শাহজাদপুর, উল্লাপাড়া—এসব স্থান থেকে ৬০ টাকা এবং সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের কাঠেরপোল, পিপুলবাড়িয়া, সীমান্ত বাজার—এসব এলাকা থেকে ৮০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এ ছাড়া পৌর শহরের ভেতর থেকে পৌর টোল বাবদ পাঁচ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও ১০ টাকা করে নেওয়া হচ্ছে। চাঁদা আদায়ের জন্য এসব স্থানে আট থেকে ১০ জনের একটি বাহিনী গড়ে তোলা হয়েছে। কোনো অটোরিকশাচালক চাঁদা না দিলে তাৎক্ষণিকভাবে তাঁকে মারধরসহ গাড়িটি আটকে রাখা হচ্ছে। এসব টাকা নেতারা ভাগবাটোরা করে খাচ্ছেন। এর নেতৃত্ব দিচ্ছে শ্রমিক সংগঠনের দুটি দল। আদায় করা চাঁদার একটি ভাগ পুলিশ প্রশাসনকেও দেওয়া হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।অটোরিকশাচালক সিরাজ, মেনহাজ ও রুবেল অভিযোগ করেন, প্রতিদিন গড়ে একটি সিএনজিকে ৬০ টাকা করে চাঁদা দিতে হয়। তারপর বিভিন্ন স্থানে চেইন মাস্টারের চাঁদা তো রয়েছেই। রয়েছে পুলিশের দৌরাত্ম্যও। সিরাজগঞ্জ বিআরটিএ অফিস সূত্রে জানা গেছে, জেলায় এক হাজারেরও বেশি নিবন্ধিত অটোরিকশা, টেম্পো রয়েছে। এ ছাড়া অবৈধভাবে চলছে বহু রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা। গড়ে যদি কমপক্ষে ৮০০ অটোরিকশা ও টেম্পো চলাচল করে, তাহলেও প্রতিদিন ৪৮ হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে।জেলা অটোরিকশা, টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লেবুমিয়া চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘শ্রমিকদের কল্যাণ তহবিল সমিতির নামে এই চাঁদা আদায় করা হচ্ছে। অফিস পরিচালনা করতে তো খরচ হয়। তা ছাড়া কোনো শ্রমিক যদি মারা যান এখান থেকে আমরা সাহায্য করতে পারব। তবে জোর করে কিছু করা হচ্ছে না।’সিরাজগঞ্জ পৌরসভার সচিব জানান, পৌর টোল পাঁচ টাকার বেশি নেওয়ার কথা নয়। তার পরও অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন জানান, পুলিশ বিভাগকে কোনো চাঁদা দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে সিএনজিচালকদের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।