শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকায় আজ শনিবার আবার শ্রমিক অসন্তোষ দেখা দেয়। আগাম ঘোষণা ছাড়া ২৫ জন শ্রমিককে ছাঁটাই করার প্রতিবাদে আজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইউনিভার্স নিটিং গার্মেন্টস অ্যান্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে কারখানার দুই হাজার শ্রমিক কাজে যোগ দিতে যায়। এ সময় তাঁরা জানতে পারে ২৫ জন শ্রমিককে কর্তৃপক্ষ ছাঁটাই করেছে। ওই শ্রমিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং তাঁদের পাওনা বুঝে নিতে বলা হয়। ছাঁটাই হওয়া ২০ জন শ্রমিক তাঁদের পাওনা বুঝে নিলেও পাঁচজন টাকা নেওয়া থেকে বিরত থাকেন। আর কর্মরত শ্রমিকেরা সকাল নয়টা থেকে কারখানার ভেতরে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। চারটার দিকে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করে চলে যান। শ্রমিকেরা অভিযোগ করেন, সম্প্রতি শ্রমিক বিক্ষোভের জের ধরে কর্তৃপক্ষ ২৫ শ্রমিককে ছাঁটাই করে এবং এ খবর তাঁদের জানানো হয়নি। এর প্রতিবাদেই তাঁরা বিক্ষোভ করেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।