শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ডের তদন্ত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চলছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা আজ বৃহস্পতিবার শ্রমমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে মন্ত্রী তাঁকে এই তথ্য জানান।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শহিদুল ইসলাম মজুমদার প্রথম আলোকে জানান, বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার পর এটাই শ্রমমন্ত্রীর সঙ্গে মজীনার প্রথম সাক্ষাৎ। দুপুর পৌনে তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাঁরা বাংলাদেশের শ্রমবাজার, শিশুশ্রম, বিদেশে বাংলাদেশের শ্রমিকদের যাওয়া, মানবপাচারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত কথা বলেন।বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের শিশুশ্রম পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার শিশুশ্রম বন্ধে একটি নীতিমালা করেছে। বিদেশে বাংলাদেশের শ্রমিকদের কাজ করতে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন বাংলাদেশ থেকে যাঁরা কাজ করতে যাচ্ছেন, তাঁরা স্মার্ট কার্ড নিয়ে যাচ্ছেন। এতে তাঁদের সব তথ্য থাকছে। এ ছাড়া মানবপাচার বন্ধে সরকার নতুন আইন করছে। অভিবাসন-প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতেও নতুন আইন করা হচ্ছে।বৈঠকের একপর্যায়ে রাষ্ট্রদূত বলেন, শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এ সময় মন্ত্রী তাঁকে বলেন, ‘শ্রমিক নেতা আমিনুল ইসলাম কখনোই সরকারবিরোধী কোনো আন্দোলনে জড়িত ছিলেন না। তাঁর সঙ্গে সরকারের কোনো সমস্যা নেই। কেন, কীভাবে তাঁকে হত্যা করা হলো, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্তেই এ বিষয়ে বিস্তারিত বেরিয়ে আসবে।’