শ্রমিক নেতা মন্টু ঘোষকে নির্যাতন না করার নির্দেশ
শ্রমিক নেতা মন্টু ঘোষকে রিমান্ডে নিয়ে নির্যাতন না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রিমান্ডকালে তাঁকে অন্তত দুই বার স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মন্টু ঘোষের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে মন্টু ঘোষের পক্ষে সারাহ হোসেন, কে এম হাফিজুল আলম এবং সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা মামলা পরিচালনা করেন। সম্প্রতি ৩০ জুলাই পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটে। ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৩১ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় গুলশান, আদাবর ও তেজগাঁওয়ে পৃথক সাতটি মামলা করা হয়। এর মধ্যে পাঁচটি মামলায় মন্টু ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য নয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এই রিমান্ড মঞ্জুরের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে রিটটি করা হয়।