শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আশুলিয়ায় সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল গতকাল সোমবার শ্রমিক ও পুলিশের সংঘর্ষে ফের রণক্ষেত্রে পরিণত হয়। তিন ঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষ চলাকালে ক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় ৫০টি গাড়ি ও প্রায় ১০০টি পোশাক কারখানায় ভাঙচুর করেন। একটি কারখানাসহ একাধিক গাড়িতে অগ্নিসংযোগও করা হয়।এ পরিস্থিতিতে আশুলিয়ার সব তৈরি পোশাক কারখানা আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, আশুলিয়ার রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প-কারখানাগুলোতে শ্রম পরিস্থিতি অস্থিতিশীল ও সহিংস হওয়ায় পোশাকশিল্প খাতের উদ্যোক্তাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় উদ্যোক্তাদের জরুরি সভায় বেআইনি ধর্মঘট ও নিরাপত্তাজনিত কারণে সর্বসম্মতিক্রমে আজ থেকে সব পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা চলছে। এখনই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে। তিনি বলেন, এ পরিস্থিতিতে আশুলিয়ার ২৫০টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, সংঘর্ষের কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। এ সময় রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ সাড়ে চার ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। পুলিশ পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন রবি সরকার, আবদুর রহমান, জাহিদ আহমেদ, সজীব হোসেন ও আবুল বাশার।এসআই মোস্তফা কামাল আরও জানান, সংঘর্ষ চলাকালে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন, আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম, উপপরিদর্শক আমিনুল ইসলাম, মোস্তফা কামাল, মাসুদ এবং সহকারী উপপরিদর্শক জাহিদ হোসেন, নায়েক মিন্টু ও কনস্টেবল জয়নালসহ ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে মিন্টু ও জয়নালকে আশঙ্কাজনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া শতাধিক শ্রমিক আহত হন।আশুলিয়া থানার পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় দুপুরের খাবারের বিরতির পর হা-মীম গ্রুপের শ্রমিকেরা কারখানায় ফিরে ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরির দাবি জানান। কর্তৃপক্ষ সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের বেতন বাড়ানোর আশ্বাস দিলে তাঁরা ক্ষুব্ধ হয়ে কারখানায় ভাঙচুর চালান। দুপুর দুইটার দিকে শ্রমিকেরা কারখানার সামনে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশ গিয়ে ধাওয়া করলে শ্রমিকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষ আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এ অবস্থায় আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ, জামগড়া, ইউনিক, পলাশবাড়ি, ডেন্ডাবর ও বাইপাইলসহ আশপাশের দুই শতাধিক কারখানা তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানার হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশুলিয়ার গোটা শিল্পাঞ্চলে। এতে কালিয়াকৈর-নবীনগরসহ রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে পোশাক কারখানাগুলোয় একের পর এক ভাঙচুর চালাতে থাকেন। তাঁরা প্রায় ৫০টি গাড়ি ভাঙচুর করেন। বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকেরা জামগড়া এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পুলিশ ধাওয়া করলে আবার সংঘর্ষ বাধে। বিকেল পাঁচটা পর্যন্ত জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ চলে। বিকেল চারটার দিকে শ্রমিকেরা কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে পলাশবাড়ি এলাকার পাল, সাহারিয়ার ও স্কাইলাইন গ্রুপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। একপর্যায়ে স্কাইলাইন গ্রুপের একটি বাস ও দুটি ছোট গাড়িতে তাঁরা আগুন লাগান। একপর্যায়ে পুলিশের তাড়া খেয়ে শ্রমিকেরা আবাসিক এলাকার ভেতরে ঢুকে পড়েন। সেখানে গিয়ে শ্রমিকদের বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা। পুলিশ এ সময় কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সাড়ে পাঁচটার দিকে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। নিশ্চিন্তপুর এলাকার অনন্ত গার্মেন্টসের মালিক ইনামুল হক খান দাবি করেন, শ্রমিকেরা কারখানায় প্রবেশ করার সময় কিছু বহিরাগত কারখানার ভেতরে প্রবেশ করে। তারাই ভাঙচুর ও লুটপাটে অংশ নেয়। তিনি দাবি করেন, ভাঙচুর ও লুটপাটের কারণে তাঁর কারখানার প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।