বেতন বাড়ানোর দাবিতে ঢাকার অদূরে আশুলিয়া শিল্প অঞ্চলের প্রায় ৩৫০টি কারখানার শ্রমিকেরা আজ বুধবার তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।ক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান থেকে গরম পানি ছোড়ে শিল্পপুলিশ। এ সময় পুলিশ-শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ায় দেড় শ শ্রমিক ও পুলিশের ১৫ জন সদস্য আহত হন।শিল্পপুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের রাতের পালার ২৫০ জন শ্রমিক কাজে যোগ দেন। এ সময় কয়েকজন শ্রমিক তাঁদের কাজ করতে নিষেধ করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মরত শ্রমিকদের মারধর করেন। এতে নারীসহ অন্তত ৫০ জন শ্রমিক আহত হন। এর মধ্যে গুরুতর ২০ জনকে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আজ সকাল সাতটায় ৩৫০টি কারখানার শ্রমিক কর্মস্থলে হাজিরা দিয়ে কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। আব্দুল্লাহপুর বাইপাইল ও নবীনগর-কালিয়াকৈর সড়কসহ পুরো শিল্প অঞ্চলের বিভিন্ন মহল্লায় হাজার হাজার শ্রমিক অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। জলকামান থেকে গরম পানি ছিটানো হয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়ার ঘটনা ঘটে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে ওই সড়ক দুটিতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্পপুলিশের পরিদর্শক মোখলেসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শ্রমিকেরা মারমুখী হওয়ায় শিল্পপুলিশ তাঁদের প্রতিহত করেছে।