শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধ ও বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের পাঁচজন সদস্যসহ ৩০ জন আহত হয়। আজ বেলা ১১টার দিকে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই ব্যক্তি রাবার বুলেটবিদ্ধ হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।ঢাকা-সিলেট মহাসড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং গার্মেন্টস লিমিটেডের কারখানায় দুই হাজার ৬০০ শ্রমিক কাজ করেন। আজ সকালে তাঁরা কাজে যোগ না দিয়ে দুই মাসের বকেয়া বেতন পরিশোধ ও বেতন বাড়ানোর দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ দেখানো শুরু করেন। বেলা ১১টার দিকে তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালেও তাঁরা নিজেদের অবস্থানে অনড় থাকেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টা থেকে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়। সংঘর্ষে পুলিশের পাঁচজন সদস্য, পথচারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। রাবার বুলেটবিদ্ধ দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সুলতান আহম্মেদ। আদমজীতে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পরিচালক মাহবুব আলম প্রথম আলো ডটকমকে জানান, বকেয়া বেতন পরিশোধ ও বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ লাঠি চালিয়ে, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। এ ব্যাপারে অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং গার্মেন্টস লিমিটেড কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।