সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত নাসা বেসিক পোশাক কারখানায় আজ বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষে অর্ধশতাধিক শ্রমিক ও কর্মকর্তা আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, ওই কারখানার উচ্চপদস্থ কর্মকর্তারা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া মেনে না নেওয়ায় শ্রমিকেরা মহাব্যবস্থাপক, উত্পাদন ব্যবস্থাপক ও সুপারভাইজারদের অপসারণ দাবি করে আসছিলেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজ শুরু করেন। তাঁরা সকাল সাড়ে আটটার দিকে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে দেখা করতে চাইলে কর্মকর্তারা রাজি না হওয়ায় তাঁরা কারখানার অভ্যন্তরে ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার নির্বাহী পরিচালক ফজলুল হক, উত্পাদন কর্মকর্তা জিয়াউল হক, হিসাবরক্ষক দ্বীপক মণ্ডল, মহাব্যবস্থাপক শমিত বড়ুয়া, নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, খলিলুর রহমান, বিশেষ সহকারী মামুনকে মারধর করে গুরুতর আহত করেন। পরে শ্রমিকেরা কারখানার অভ্যন্তরে আনসার ক্যাম্পে ভাঙচুর চালায়।খবর পেয়ে সকাল সোয়া নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে রাস্তায় এসে বিক্ষোভ শুরু করেন। পুলিশ সেখানেও লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের আরেক দফা সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর পুলিশ জল কামান দিয়ে গরম পানি ছিটিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।শ্রমিক অসন্তোষের কারণে আজ প্রতিষ্ঠানটির দুটি ইউনিট ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাসা বেসিক লিমিটেডের পরিচালক ইফতেখার তাফাজ্জুল হোসেন বলেন, কাল শুক্রবার শ্রমিকদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধান করা হবে।