শ্রমিক বরখাস্তের প্রতিবাদে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ
শ্রমিক বরখাস্তের প্রতিবাদে আশুলিয়ার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার সকালে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। শ্রমিকেরা ওই সড়কে আট-১০টি গাড়ি ভাঙচুর করেন। আশুলিয়া থানার ঘোষবাক এলাকায় ম্যাগপাই নিট ওয়ার লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার ১২তলা গতকাল সোমবার কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। এতে ওই তলার প্রায় ১৫০ জন শ্রমিক গতকালই কারখানার ভেতরে বিক্ষোভ করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ ১২ জন শ্রমিককে বরখাস্ত করে তাঁদের নামের তালিকা কারখানার প্রধান ফটকে ঝুলিয়ে দেয়। আজ সকালে কারখানায় ঢোকার মুখে শ্রমিকেরা এ তালিকা দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা পাশের আইরিশ ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানায় গিয়ে ভাঙচুর করে ও ওই কারখানার শ্রমিকদের বের হয়ে আসার ডাক দেন। সকাল ১০টার দিকে তাঁরা এলাকার আরও ১০-১২টি কারখানায় ভাঙচুর করেন। এতে কর্তৃপক্ষ ওই সব কারখানা ছুটি দিয়ে দেয়। পরে শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক ঘণ্টব্যাপী অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের লাঠিপেটা করে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ম্যাগপাই নিট ওয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক আফরুল আল মামুন বলেন, ‘কোনো কাজ না থাকায় গতকাল কারখানার ওই তলাটি পূর্বঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে ভাঙচুর করে ও নৈরাজ্য চালায়। এ কারণে ১২ জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। তাদের উস্কানিতে আজ শ্রমিকেরা এই তাণ্ডব চালায়।’