শ্রমিক বিক্ষোভের জেরে ডিইপিজেডে সোয়েটার কারখানা বন্ধ
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বর্ধিত অংশের সফটেক্স সোয়েটার লিমিটেড কারখানাটি শ্রমিকদের বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা কর্তৃপক্ষ গতকাল শনিবার রাতে এ সিদ্ধান্ত নেয়। শ্রমিকেরা জানান, সোয়েটারপ্রতি অতিরিক্ত পারিশ্রমিকের দাবিতে গতকাল দুপুর থেকে কারখানাটির প্রায় দুই হাজার ৩০০ শ্রমিক বিক্ষোভ শুরু করেন। আজ সকালে কারখানায় এসে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এরপর তাঁরা এ সিদ্ধান্তের প্রতিবাদে আজ আবার বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা তাঁদের ডিইপিজেডের বাইরে সরিয়ে দেন। তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।